পুবের কলম ওয়েব ডেস্কঃ বাংলায় প্রথম দফার ভোটের দিন ঘনিয়ে আসতেই ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল আবেদন প্রক্রিয়ায় অযথা দেরি করছে। এই পরিস্থিতিতে আইনজীবী দেবদত্ত কামাত বিষয়টি নিয়ে সরাসরি সুপ্রিম কোর্ট-এর দ্বারস্থ হয়েছেন।

কামাতের অভিযোগ অনুযায়ী, ট্রাইব্যুনাল এখনও পর্যন্ত অফলাইনে আবেদন গ্রহণের ব্যবস্থা চালু করেনি।

ফলে শুধুমাত্র অনলাইনের ওপর নির্ভর করতে হচ্ছে আবেদনকারীদের। তাঁর দাবি, এই প্রক্রিয়া আইনি দৃষ্টিকোণ থেকে প্রশ্নের মুখে পড়ে, কারণ যথাযথ শুনানি বা বিশদ পর্যালোচনার পরিবর্তে অনেক ক্ষেত্রে কম্পিউটার নির্ভর পদ্ধতিতে আবেদন যাচাই করা হচ্ছে। এর ফলে যাঁরা প্রযুক্তির সুবিধা নিতে পারছেন না, বিশেষ করে দূরদূরান্ত থেকে আসা মানুষ, তাঁরা সমস্যার সম্মুখীন হচ্ছেন। পাশাপাশি, ট্রাইব্যুনালে আইনজীবীদের সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগও সীমিত রাখা হয়েছে বলেও অভিযোগ।

এই মামলায় অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট-এর ডিভিশন বেঞ্চ, যেখানে রয়েছেন প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী। প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, পশ্চিমবঙ্গ সংক্রান্ত এই ধরনের মামলায় কেন বারবার আদালতের হস্তক্ষেপ প্রয়োজন হচ্ছে এবং আগের নির্দেশ থাকা সত্ত্বেও কেন নতুন অভিযোগ সামনে আসছে। জবাবে কামাত জানান, ট্রাইব্যুনাল আদালতের নির্দেশ যথাযথভাবে পালন করছে না বলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং তাই বারবার আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। এরপর প্রধান বিচারপতি সূর্য কান্ত জানিয়েছেন, এসআইআর সংক্রান্ত ট্রাইব্যুনালের বর্তমান কাজের অগ্রগতি সম্পর্কে রিপোর্ট চাওয়া হবে হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের কাছে।