পুবের কলম ওয়েবডেস্ক: লাহুল-স্পিতির মানালি - লে জাতীয় সড়কে শুক্রবার রাতে ঘুরে বেড়াতে দেখা গেল তিনটি তুষার চিতাকে। সোনম জাংপো নামে এক ব্যক্তি সেই দৃশ্য মোবাইলে ভিডিও করেন।

সোনম জানিয়েছেন রাতে ট্যাক্সি করে তিনি মানালি থেকে কেলং আসছিলেন ৷ হঠাৎ তাঁর গাড়ির সামনে ৩টি তুষার চিতা এসে পড়ে ৷ সেই মুহূর্তটি তিনি একটি ভিডিয়ো করেন ৷ গাড়ির আলো জ্বলে উঠতেই ওই তিন চিতা রাস্তায় ছুটতে শুরু করে এবং কিছুক্ষণ পর বরফ ও অন্ধকারে তারা অদৃশ্য হয়ে যায়

এই ভিডিও প্রকাশ্যে আসতেই বন দফতর সতর্কতা জারি করেছে। হিমাচল প্রদেশের রাষ্ট্রীয় প্রাণী তুষার চিতা।

বর্তমানে এদের সংখ্যা অত্যন্ত কমে আসায় হিমাচল সরকার চেষ্টা করছে তাদের সংখ্যা বাড়ানোর জন্য। এই মুহূর্তে প্রায় ৭৩ টি তুষার চিতা আছে হিমাচল প্রদেশে।

হিমাচলের প্রায় ২৩ হাজার বর্গকিলোমিটার এলাকায় তুষার চিতাবাঘের বিচরণ ক্ষেত্র দেখা গিয়েছে ৷ এর মধ্যে ধৌলাধর, কুলু, চাম্বা, কিন্নর এবং লাহৌল স্পিতি অঞ্চলগুলি প্রধানত পড়ে। বরফ ঢাকা দুর্গম পার্বত্য এলাকা এদের প্রিয় বাসস্থান।