পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: একদিকে বিদ্যুতের লাগামছাড়া দাম বৃদ্ধি, অন্যদিকে গ্রাহকদের স্মার্ট প্রিপেড মিটার লাগিয়ে নতুন কায়দায় ব্যাপক হারে মাশুল আদায়ের চেষ্টার প্রতিবাদে আন্দোলনে নামল অল বেঙ্গল ইলেক্ট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন (আবেকা)।  বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার  কেওটশা সিসিসির স্টেশন ম্যানেজারের অফিসের সামনে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন এলাকার বিদ্যুৎ  গ্রাহকরা।‌ বক্তব্য রাখেন সংগঠনের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক রবীন দেবনাথ। তিনি বলেন,কেন্দ্র সরকারের সিদ্ধান্ত মোতাবেক স্মার্ট প্রিপেইড মিটার এবং টিওডি সিস্টেমের বিলের প্রতিবাদে,ও গ্রাহক স্বার্থ বিরোধী বিদ্যুৎ তারিফ অর্ডার ২০২৩-২৪ এর প্রতিরোধে আমরা সর্বত্র আন্দোলন চালিয়ে যাচ্ছি। পাশাপাশি এই ভয়ানক বিপদ রুখতে আমরা সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাদুড়িয়া ব্লক কমিটির সম্পাদক নিতাই পাল,কামাল সরদার প্রমুখ। এদিন স্টেশন ম্যানেজারের কাছে স্মার্ট প্রিপেড মিটার বাতিল সহ একগুচ্ছ দাবিতে ডেপুটেশন দিল সংগঠনের বাদুড়িয়া ব্লক কমিটি। স্মার্ট  মিটার বাতিল, বিদ্যুৎ  আইন ২০২২ বাতিল, বিদ্যুতের মাশুল কমানো, বিদ্যুৎ শিল্পকে বেসরকারিকরণ না করাসহ একগুচ্ছ দাবি জানিয়ে কেওটশা স্টেশন ম্যানেজারকে একটি স্মারকলিপি দেওয়া হয়।

স্মার্ট মিটার সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে  তিনি জানান, এখনো পর্যন্ত মাত্র সাতটি স্মার্ট প্রিপেইড মিটার লাগানো হয়েছে। তবে এগুলি এখনই বন্ধ করা যাবে না।  নতুন করে না লাগানোর ব্যাপারে তিনি আশ্বাস দেন বলে জানান সংগঠনের পক্ষে কামাল সর্দার।