কৌশিক সালুই, বীরভূম: সময় অপচয় করে লাইনে দাঁড়িয়ে আর রেশন নিতে হবে না। এবার থেকে বাড়িতেই পৌঁছে যাবে রেশনের বরাদ্দ খাদ্য সামগ্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত "দুয়ারে রেশন" কর্মসূচির হাল-হকিকত পর্যালোচনা করতে বীরভূম প্রশাসন ভবনে বৈঠক করলেন খাদ্য দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মাড্ডি। সোমবার সিউড়িতে জেলাশাসক কার্যালয় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দোপাধ্যায়, জেলাশাসক বিধান রায়, সভাধিপতি তথা সিউড়ি বিধায়ক বিকাশ রায়চৌধুরী, জেলা পরিষদের মুখ্য পরামর্শ দাতা তথা লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, সাঁইথিয়ার বিধায়ক নীলাবতী সাহা সহ রেশন ডিলার ও ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের সদস্যরা এবং প্রশাসনিক আধিকারিকেরা।আরও পড়ুন:
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে "দুয়ারে রেশন" প্রকল্পের পাইলট প্রজেক্ট। এদিন বীরভূম জেলার সেই প্রকল্পের প্রস্তুতি খতিয়ে দেখতে উচ্চস্তরীয় বৈঠক করলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মাড্ডি। বীরভূম জেলাতে ১৬৭ টি গ্রাম পঞ্চায়েত এবং ছটি পুরসভা এলাকার মোট ৯৬৩ রেশন ডিলারের মধ্যে ১৫ শতাংশ অর্থাৎ ১৪৫ রেশন ডিলার প্রথম পর্যায়ে এই কর্মসূচির আওতায় রয়েছেন।
সেই সমস্ত রেশন ডিলাররা উপভোক্তাদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দেবেন। পরবর্তী পর্যায়ে আরও ১৫ শতাংশ রেশন ডিলার এই কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত হবেন। এই সুবিধা প্রদান করার জন্য রাজ্য সরকার রেশন ডিলারদেরকে কেজি পিছু অতিরিক্ত ৭৫ পয়সা বরাদ্দ করেছেl সংশ্লিষ্ট রেশন ডিলাররা বরাদ্দ খাদ্যসামগ্রী গাড়িতে করে নিয়ে গিয়ে পৌঁছে দেবেন। চাল এবং গম বা বরাদ্দ খাদ্য সামগ্রী উপভোক্তার সামনে তা ওজন করে হাতে তুলে দেওয়া হবে।আরও পড়ুন:
খাদ্য দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মাড্ডি বলেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে রেশন প্রকল্পে উপভোক্তারা যাতে সঠিক পরিষেবা পান তার জন্য এদিন পর্যালোচনা বৈঠক করা হয়েছে'।