পুবের কলম, ওয়েবডেস্ক: বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) খাবারে মিললো আরশোলা! এই ঘটনায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে। শুরুর দিন থেকে বিতর্কের মুখে পড়েছে বন্দে ভারত এক্সপ্রেস। কখনও জানলা কাচে ঢিল ছোড়ার ঘটনা, আবার কখন ঢিলের আঘাতে যাত্রীর মাথা ফেটেছে। এবার সেই বন্দে ভারতের এক্সপ্রেসের খাবারে মিললো আরশোলা। আইআরসিটিসি (IRCTC)ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। কর্মকর্তারা এই অপ্রীতিকর ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন।

সংশ্লিষ্ট পরিষেবা প্রদানকারির মোটা টাকা জরিমানা আরোপ করা হয়েছে।

জানা গেছে, ১ ফেব্রুয়ারি বন্দে ভারতে রানি কমলাপতি থেকে জব্বলপুর জংশন যাচ্ছিলেন ডাঃ শুভেন্দু কেশরী নামে এক যাত্রী। তিনি রেলের আরটিসিটিসিতে আমিষ (Non Veg) খাবার অর্ডার করেন। কিন্তু তিনি খাবার খেতে গিয়ে দেখেন সেখানে মৃত আরশোলা ভাসছে। ঘটনায় হতবাক হয়ে যান তিনি। ওই যাত্রী একাধিক ছবি তুলে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। ভারতীয় ট্রেনে পরিষেবা দেওয়া খাবারগুলির গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

আরটিসিটিসি তৎক্ষণাত ঘটনার প্রতিক্রিয়া দেয়। ডাঃ কেশরী খাবারের অস্বাস্থ্যকর অবস্থা সম্পর্কে জব্বলপুর স্টেশনে যে অভিযোগ দায়ের করেছিলেন তার একটি ছবিও শেয়ার করেছেন। এক্স হ্যান্ডেলে ডাঃ শুভেন্দু কেশরী লেখেন, আমি ১ ফেব্রুয়ারি বন্দে ভারত এক্সপ্রেসে(Vande Bharat Express) সফর করছিলাম। ট্রেনের নাম্বার ২০১৭৩। যাত্রা ছিল রানি কমলাপতি  থেকে জব্বলপুর। খাবারের প্যাকেট খুলতেই আমি হতবাক হয়ে যাই। দেখি খাবারের মধ্যে মরা আরশোলা ঘুরে বেড়াচ্ছে'।

আইআরসিটিসি (IRCTC) প্রতিক্রিয়ায় জানায়, 'স্যার আপনার সঙ্গে যে ঘটনা ঘটেছে তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। আমরা এই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি, সংশ্লিষ্ট পরিষেবা প্রদানকারি সংস্থার বিরুদ্ধে মোটা টাকা জরিমানা আরোপ করা হয়েছে। গোটা বিষয়টির উপর নজরদারি চালানো হচ্ছে'।

পৃথকভাবে, রেলওয়ে সেবা যাত্রী ট্যুইটের প্রতিক্রিয়া জানিয়ে বলে, আপনার অভিযোগ রেলমদাদে নথিভুক্ত করা হয়েছে, আপনার মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে অভিযোগ নম্বর পাঠানো হয়েছে।এক এক্স হ্যান্ডেল ব্যবহারকারি লিখেছেন, 'এবার থেকে রেলেওয়ে আর খাবারের অর্ডার দেব কিনা ভেবে দেখতে হবে'। তবে, বন্দে ভারত এক্সপ্রেসে ভ্রমণের সময় কোনও যাত্রীর এমন বিরক্তিকর পরিস্থিতি এই প্রথম নয়। জুলাই মাসে, বন্দে ভারত এক্সপ্রেসে ভোপাল থেকে গোয়ালিয়র যাতায়াতকারী অন্য একজন যাত্রী হতবাক হয়ে গিয়েছিলেন যখন তিনি আইআরসিটিসির (IRCTC) দেওয়া খাবারে মৃত আরশোলা পেয়েছিলেন।