বীরভূমের তিন প্রভাবশালী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, কাজল শেখ এবং চন্দ্রনাথ সিংহ-এর নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনল রাজ্য প্রশাসন। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত থেকেই তাঁদের নিরাপত্তায় একাধিক কাটছাঁট কার্যকর করা হয়েছে। তুলে নেওয়া হয়েছে পাইলট কার, স্কর্ট এবং হাউস গার্ডের ব্যবস্থা।
আরও পড়ুন:
প্রশাসনিক সূত্রের খবর, এতদিন অনুব্রত মণ্ডল বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক হিসেবে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পেতেন। তাঁর বাড়িতেও মোতায়েন ছিল হাউস গার্ড।
তবে নতুন নির্দেশ অনুযায়ী এখন থেকে তাঁর সঙ্গে সর্বক্ষণ থাকবেন মাত্র একজন সশস্ত্র নিরাপত্তারক্ষী। পাশাপাশি তুলে নেওয়া হয়েছে পাইলট ও স্কর্টের সুবিধাও।একইভাবে নিরাপত্তা কমানো হয়েছে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ-এর ক্ষেত্রেও। এতদিন তাঁর নিরাপত্তায় থাকা পাইলট, স্কর্ট ও হাউস গার্ড প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে বিধায়ক ও সভাধিপতি হিসেবে তাঁর নিরাপত্তায় থাকবেন দু’জন সশস্ত্র রক্ষী।
আরও পড়ুন:
প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ-এর ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী থাকাকালীন অতিরিক্ত নিরাপত্তা ও হাউস গার্ড থাকলেও এখন বিধায়ক হিসেবে তাঁকে দেওয়া হয়েছে মাত্র দু’জন সশস্ত্র নিরাপত্তারক্ষী।
পুলিশ সূত্রে খবর, এই তিন নেতার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের মঙ্গলবার রাতেই সরিয়ে নেওয়া হয়েছে। প্রশাসনিক মহলের মতে, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর বিভিন্ন তৃণমূল নেতার নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিবেচনা শুরু হয়েছিল। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এবার বীরভূমের এই তিন নেতার নিরাপত্তায় রদবদল করা হয়েছে।