পুবের কলম ওয়েবডেস্কঃ রাজ্যে এসআইআর প্রক্রিয়া এখনও চলছে। সন্দেহজনক ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে তালিকা থেকে। এই প্রক্রিয়ায় অসঙ্গতির অভিযোগ তুলে ইতিমধ্যেই সরব হয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিরোধীরা। এই আবহে এবার এক মুরগি ব্যবসায়ীকে বাংলাদেশি রোহিঙ্গা বলে দাগিয়ে দোকান থেকে উৎখাত করার হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। হাওড়ার ডোমজুরের বিজেপি প্রার্থী গোবিন্দ হাজারার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।  

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, হাওড়ার ডোমজুড়ের জগদীশপুর বাজারের কাছে রাস্তার ধারে মুরগির মাংস বিক্রি করছেন ওই ব্যবসায়ী।

যদিও এতদিন তাঁর ব্যবসায় কোনও অসুবিধা হয়নি। কিন্তু, অভিযোগ, রবিবার দুপুরে আচমকা দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে সেখানে পৌঁছন বিজেপি প্রার্থী। এরপর ওই ব্যবসায়ীকে রীতিমতো হেনস্তা করা হয়। এই ঘটনার একটি ভিডিও সশ্যাল মিডিয়ায় শেয়ার করে তৃণমূল কংগ্রেস। সেই ভিডিওতে দেখা যায়, " জিহাদি বাংলাদেশি রোহিঙ্গা হয়ে তুমি কন সাহসে রাস্তায় মুরগির দোকান দিয়ে মাংস বিক্রি করছ। এরপরেই তিনি মাংস বিক্রেতাকে অন্যাদিকে সরিয়ে দেন।
বিজেপি প্রার্থী হুমকির সুরে বলেন, এখানে দোকান দেওয়া যাবে না। দোকান সরিয়ে নিতে হবে। বাধ্য হয়ে ওই ব্যবসায়ী দোকান সরিয়ে নেন। যদিও এই ঘটনায় ডোমজুড় থানা কিংবা নির্বাচন কমিশনের কাছে কোনও অভিযোগ দায়ের হয়নি বলে পুলিশ জানিয়েছে। 

এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা জানান, ওই ব্যবসায়ীর নাম তুতুল হোসেন। তিনি বীরভুমের লাভপুরের বাসিন্দা।

এসআইআরের চূড়ান্ত তালিকায় তাঁর নাম আছে। বিষয়টি সামনে আসতেই তুমুল সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, এটাই বিজেপি আসল চরিত্র। এসআইআরে একটাও রোহিঙ্গা খুঁজে পাওয়া যায়নি। অথচ সাধারণ মানুষকে রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি। যদিও ডোমজুরের বিজেপি প্রার্থী এনিয়ে কোনও মন্তব্য করতে চাননি।