পুবের কলম ওয়েব ডেস্কঃ ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন জেলায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠেছিল। বিজেপির অভিযোগ ছিল, নির্বাচনের ফল ঘোষণার পর তাদের বহু কর্মী আক্রান্ত হন এবং শতাধিক কর্মীকে খুন করা হয়। সেই সমস্ত আক্রান্তদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই প্রসঙ্গ ফের তুলে মঙ্গলবার ফলতার সভা থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। নির্বাচনী প্রচারে গিয়ে তিনি জানান,  ভোট-পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারের পাশে সরকার থাকবে।

নিহতদের পরিবারের সদস্যদের সরকারি চাকরির ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেন তিনি। একই সঙ্গে ফলতা এলাকায় যেসব বিজেপি কর্মী আক্রান্ত হয়েছেন, তাঁদের জন্যও বিশেষ সহায়তার প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি রাজ্যে ক্ষমতা দখলের লক্ষ্যে ব্যাপক প্রচার চালিয়েছিল। দেশের শীর্ষ নেতৃত্ব একাধিকবার বাংলায় এসে প্রচার করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছিল তৃণমূল।

এরপর থেকেই রাজ্যের নানা প্রান্তে বিজেপি কর্মীদের উপর হামলা ও অত্যাচারের অভিযোগ সামনে আসে। বিজেপির দাবি ছিল,  তাদের ৩২১ জন কর্মী রাজনৈতিক হিংসার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন।

তবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ঘুরে দাঁড়িয়েছে বিজেপি। তারপরেই মুখ্যমন্ত্রী আক্রান্ত এবং নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু। সেই মতো এদিন ফলতার সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন,  আক্রান্ত কর্মীদের কোনওভাবেই একা ফেলে রাখা হবে না। তিনি ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডাকে নির্দেশ দেন,  নির্বাচনের ফল প্রকাশের পর যেসব কর্মী সেখানে আক্রান্ত হবেন তাঁদের বিস্তারিত তালিকা যেন সরাসরি তাঁর কাছে পৌঁছে দেওয়া হয়। সেই তালিকা অনুযায়ী প্রয়োজনীয় সাহায্য করা হবে বলেও আশ্বাস দেন তিনি।