পুবের কলম প্রতিবেদক: লোকসভা নির্বাচনের আগে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন বছর ধরে আটকে থাকা ১০০ দিনের কাজে বাংলার শ্রমিকদের টাকা মেটাবে রাজ্য সরকার। ২১ ফেব্রুয়ারি ২১ লক্ষ বঞ্চিত মানুষের অ্যাকাউন্টে টাকা চলে যাবে। শনিবার রেড রোডের ধরনামঞ্চ থেকে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
প্রসঙ্গত, কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে রেড রোডে শুক্রবার থেকে ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই মঞ্চ থেকেই শনিবার মুখ্যমন্ত্রী বলেন, 'কেন্দ্র সরকার ভাবছে বাংলাকে ভাতে মারব। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই। ২১ লক্ষ মজদুর যাঁদের টাকা কেন্দ্র সরকার দেয়নি আগামী ২১ ফেব্রুয়ারি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে।
রাজ্য সরকার দেবে।'আরও পড়ুন:
শুধু তাই নয়, কেন্দ্রের বিরুদ্ধে আবাসনের ১১ লক্ষ টাকা দিয়ে না দেওয়ার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, 'আবাসনেরটা আমি আজকে বলব না। ঠিক টাইমে আবার বলব। বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন।
আমরা ভিক্ষা চাই না, জয় করতে চাই না।'আরও পড়ুন:
এই বিপুল অর্থের জোগান কিভাবে হবে সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এটা মানুষের টাকা, মাটির টাকা। তিনি আরও বলেন, তিন বছর ধরে ১০০ দিনের শ্রমিকদের টাকা দেয়নি কেন্দ্র। সেই হকের টাকা দেবে বাংলার সরকার। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ২০২৪-এর লোকসভা ভোটের আগে নিঃসন্দেহে এই পদক্ষেপ একটা মাস্টারস্ট্রোক। ১০০ দিনের কাজের টাকার বঞ্চনার অভিযোগকে সামনে রেখে মুখ্যমন্ত্রী যে লড়াই করে চলেছেন, সেই লড়াইয়ের পালে এই ঘোষণা যে নতুন হাওয়া দেবে তা বলাই বাহুল্য।