পুবের কলম, ওয়েবডেস্ক: ২০২৬-এর বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। এই আবহেই তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, আসন্ন নির্বাচন আসলে “দুই RC-র লড়াই”।
 
এক্স (সামাজিক মাধ্যমে) করা পোস্টে তিনি ব্যাখ্যা করেছেন, একদিকে রয়েছে বিজেপির “রিমোট কন্ট্রোল”, অন্যদিকে তৃণমূলের “রিপোর্ট কার্ড”।

তাঁর অভিযোগ, কেন্দ্রের শাসকদল রিমোট কন্ট্রোলের মতো বাংলার উপর নিয়ন্ত্রণ চালাতে চায়— যেখানে রাজ্যের প্রাপ্য অর্থ আটকে রাখা, ভোটার তালিকা সংক্রান্ত প্রক্রিয়ার মাধ্যমে ভোটাধিকার খর্ব করা, এবং বিভাজনের রাজনীতি চালানো হয়। তিনি আরও দাবি করেন, কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার, বাঙালিদের পরিচয় নিয়ে প্রশ্ন তোলা, পরিযায়ী শ্রমিকদের হয়রানি এবং বাংলার সংস্কৃতি-ঐতিহ্যকে অপমান— সবই এই “রিমোট কন্ট্রোল” রাজনীতির অংশ। এর বিপরীতে তৃণমূলের “রিপোর্ট কার্ড”-এর কথা তুলে ধরেন অভিষেক। তাঁর দাবি, গত ১৫ বছরে রাজ্যে যে উন্নয়ন হয়েছে, তা কেন্দ্রের সহযোগিতা ছাড়াই হয়েছে।
এই উন্নয়নই মানুষের সামনে প্রধান হাতিয়ার।
 
উল্লেখ্য, সম্প্রতি প্রায় ৬০ লক্ষ বিচারাধীন ভোটারের নথি যাচাই প্রক্রিয়া শেষ হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এর মধ্যে প্রায় ২৭ লক্ষ নাম বাদ পড়েছে। এই প্রেক্ষাপটেই অভিষেকের এই মন্তব্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিভিন্ন জনসভা ও রোড শো-এর উদাহরণ টেনে তিনি দাবি করেন, মানুষের সমর্থন তৃণমূলের পক্ষেই রয়েছে এবং ভোটেই তার প্রতিফলন মিলবে।