পুবের কলম ওয়েব ডেস্ক: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় আরও একটি অভিযোগ দায়ের হয়েছে।  এবার ভবানীপুর থানায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিযোগকারীর দাবি, সমাজমাধ্যমে করা একটি পোস্টের মাধ্যমে এমন মন্তব্য করা হয়েছে যা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে এবং সমাজে বিভাজনের পরিবেশ তৈরি করতে পারে। ফলে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়লেন তৃণমূল সাংসদ।

জানা গিয়েছে, অভিযোগ দায়ের করেছেন অর্ণবকান্তি দাস নামে এক ব্যক্তি। তাঁর বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমাজমাধ্যমের ওই পোস্টে এমন কিছু লেখা রয়েছে যা জনমনে উত্তেজনা ছড়াতে পারে। বিষয়টি নিয়ে তিনি পুলিশের দ্বারস্থ হন। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট পোস্টের প্রতিলিপিও জমা দেওয়া হয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে বলে জানা যাচ্ছে।

ঘটনার সূত্রপাত গত ২ মে-র একটি সমাজমাধ্যম পোস্টকে কেন্দ্র করে। সেই পোস্ট প্রকাশ্যে আসার পর থেকেই তা নিয়ে বিতর্ক তৈরি হয়। অভিযোগকারীর দাবি, একজন সাংসদ হিসেবে আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল, কিন্তু ওই পোস্টে এমন ভাষা ব্যবহার করা হয়েছে যা জাতীয় ঐক্য ও সামাজিক সম্প্রীতির পরিপন্থী।

তাঁর মতে, একজন জননেতার কাছ থেকে এমন মন্তব্য প্রত্যাশিত নয়।

উল্লেখ্য, এর আগেও ভোট প্রচারের সময় করা মন্তব্যকে ঘিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। নির্বাচনী প্রচারে তাঁর একাধিক বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে। বিজেপিকে আক্রমণ করে করা কিছু মন্তব্যকে উসকানিমূলক বলে অভিযোগ তুলে বিধাননগর সাইবার থানায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।

সেই মামলাকে চ্যালেঞ্জ জানিয়ে পরে কলকাতা উচ্চ আদালতের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতের তরফে তিনি অন্তর্বর্তী সুরক্ষাও পান। তবে তার মধ্যেই ভবানীপুর থানায় নতুন অভিযোগ দায়ের হওয়ায় অভিষেকের চাপ আরও বেড়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।