পুবের কলম ওয়েবডেস্কঃ মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে অবরুদ্ধ হয়ে পরেছে হরমুজ প্রণালী। যার জেরে ভারতে জ্বালানি তেল ও গ্যাসের ব্যাপক সংকট দেখা দিয়েছে। ইতিমধ্যেই রান্নার গ্যাসের সিলিন্ডারের দামও বেড়েছে। এই অবস্থায় ভোট মিটলে রান্নার গ্যাসের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

শুক্রবার ঝাড়গ্রামে প্রচারে গিয়ে এনিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল সেনাপতি।

এদিন ঝাড়গ্রামের বিনপুরে তৃণমূল প্রার্থী বীরবাহা হাঁসদার হয়ে প্রচারে যান অভিষেক। প্রচারের জনসভা থেকে বিজেপিকে একের পর এক নিশানা করেন। গ্যাস সংকটের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে দায়ী করে অভিষেকের তোপ, বাংলায় যেদিন ভোট শেষ হবে তার পরের দিন থেকেই গ্যাসের দাম বাড়িয়ে ২০০০ টাকা করে দেবে মোদী সরকার।

 

শুধু তাই নয়, পেট্রোল ডিজেলের দামও বাড়িয়ে ২০০ টাকা করে দেবে। একদিকে রাজ্য সরকারের লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন অভিষেক, অন্যদিকে এর বিপরীতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মূল্যবৃদ্ধির অভিযোগ তুলে সরব হন তিনি। তাঁর অভিযোগ, মোদী সরকার জ্বালানি, ভাড়া থেকে শুরু করে সব কিছুর দাম বাড়িয়ে দিচ্ছে। ভোট প্রচারে বিজেপির কেন্দ্রীয় নেতাদের বঙ্গ সফর নিয়েও তোপ দাগেন তৃণমূল সেনাপতি।

তাঁর কটাক্ষ, ভোট এলেই বিজেপি নেতারা ডেইলি প্যাসেঞ্জারি করেন। তাই বিজেপি এলে সাধারণ নিজেদের ক্ষমতা হারিয়ে ফেলবে। 

অন্যদিকে তৃণমূল থাকলে রাজ্যের উন্নয়ন হবে বলে বার্তা অভিষেকের। এদিকে, বিনপুরের তৃণমূল প্রার্থী বিরবাহাকে ভুমিকন্যা বলে দাবি করেন অভিষেক। এপ্রসঙ্গে বিজেপি প্রার্থীকে কটাক্ষ করে তিনি বলেন, এখানকার বিজেপি প্রার্থী হাওড়ার বাসিন্দা। তাঁর সঙ্গে বিনপুরের কোনও যোগ নেই। বিজেপির লোকেরাই তাঁকে মানছে না।