পুবের কলম ওয়েবডেস্কঃ বিবেচনাধীন বা অ্যাডজুডিকেশন তালিকায় থাকা ভোটারের মধ্যে কত জনের নাম বাদ গিয়েছে সমালোচনার মুখে পড়ে এবার তা জানালো নির্বাচন কমিশন। বুধবার তথ্য দিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, ৬০ লক্ষ ভোটারের মধ্যে এখনও পর্যন্ত ৩২ লক্ষের নিষ্পত্তি হয়েছে। আর এই ৩২ লক্ষের মধ্যে বাদ পড়েছে ১২ লক্ষ ভোটারের নাম। 

সোমবার রাতে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।

কিন্তু, তাতে কত নাম বাদ পড়েছিল সেবিষয়ে কোনও তথ্য দিতে পারেননি মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। তানিয়ে সমালোচনার মুখে পড়েছিল নির্বাচন কমিশন। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এনিয়ে কমিশনের বিরুদ্ধে তোপ দেগেছিলেন। তিনি বলেছিলেন, এরা পারে না, এমন কাজ নেই।
যদিও পরে আজ বুধবার তথ্য দেয় কমিশন। জানানো হয়েছে নিষ্পত্তি হওয়া ভোটারদের তথ্য দেখা যাবে কমিশনের ওয়েব সাইটে। এবার বিবেচনাধীন থেকে ফেল হওয়া ভোটারের সংখ্যাটা কত তা জানাল কমিশন। 

উল্লেখ্য, এসআইআরের চূড়ান্ত এবং খসড়া তালিকা মিলিয়ে বাদ গিয়েছে ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম।

প্রথম অতিরিক্ত তালিকা থেকে বাদ পড়ল প্রায় ১২ লক্ষ নাম। আগামী শুক্রবার দ্বিতীয় অতিরিক্ত তালিকা প্রকাশ করবে কমিশন। তাতেও অনেক নাম বাদ পড়তে বলে আশঙ্কা। কমিশনের পরিকল্পনা রয়েছে, দ্বিতীয় তালিকা প্রকাশের পর প্রতিদিন নিষ্পত্তির পরিসংখ্যান ওয়েবসাইটে দেওয়া হবে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ধাপে ধাপে তালিকা প্রকাশ করা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এই নিষ্পত্তির কাজের সঙ্গে যুক্ত রয়েছেন ৭০৫ জন বিচারক।