রাজ্যে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের ঘোষণা ঘিরে যখন রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে, তখনই বাস্তব পরিস্থিতির কথা তুলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-কে চিঠি দিলেন ডোমকলের সিপিআই(এম) বিধায়ক মোস্তাফিজুর রহমান। তাঁর সরাসরি প্রশ্ন, “সরকারি বাসই তো নেই, মহিলারা ছাড় পাবেন কী করে?”
চিঠিতে বিধায়ক জানিয়েছেন, মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবার সিদ্ধান্ত নিঃসন্দেহে প্রশংসনীয় এবং নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রে এটি একটি ইতিবাচক পদক্ষেপ। তবে একইসঙ্গে তিনি তুলে ধরেছেন মুর্শিদাবাদের ডোমকল এলাকার বাস্তব চিত্র।


মোস্তাফিজুর রহমান লিখেছেন, বহরমপুর-ডোমকল-জলঙ্গি রুটে বর্তমানে কোনও সরকারি বাস পরিষেবাই নেই। ফলে সরকারের ঘোষণার সুবিধা বাস্তবে সাধারণ মানুষ, বিশেষ করে মহিলারা পাচ্ছেন না। তাঁর অভিযোগ, সরকারি পরিবহণ ব্যবস্থা কার্যত ভেঙে পড়ায় সাধারণ যাত্রীরাই চরম সমস্যায় পড়ছেন।

বিধায়কের বক্তব্য, শুধু ডোমকল নয়, গোটা রাজ্যেই সরকারি বাস পরিষেবার সংকট প্রকট হয়ে উঠেছে।

কলকাতা থেকে জেলা— বহু রুটেই সরকারি বাসের দেখা মেলে না বললেই চলে। এমন পরিস্থিতিতে শুধুমাত্র সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের ঘোষণা বাস্তবায়ন কতটা সম্ভব, সেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, মহিলাদের জন্য ঘোষিত সুবিধা কার্যকর করতে হলে আগে পর্যাপ্ত সরকারি বাস পরিষেবা চালু করা জরুরি। তাই দ্রুত বহরমপুর-ডোমকল-জলঙ্গি রুটে সরকারি বাস চালুর দাবি জানিয়েছেন তিনি।