পুবের কলম ওয়েবডেস্কঃ মালাদার মোথাবাড়ির ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল রাজ্যে। কোনওরকমের কোনও বিস্ফোরণের ঘটনা না ঘটলেও সেই মামলায় ইতিমধ্যেই তদন্তভার নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তদন্তের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কাউকে গ্রেফতার করল কেন্দ্রীয় সংস্থাটি। ধৃতের নাম গোলাম রব্বানি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ধৃত গোলাম রব্বানি ধৃত গ্রাম পঞ্চায়েতের আইএসএফ সদস্য।

 

এই ঘটনায় প্রথমেই আইনজীবী তথা মিম নেতা মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশ। সূত্রের খবর, তাঁর সঙ্গে যোগসুত্রেই গোলাম রাব্বানিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি এলাকারই পঞ্চায়েত সদস্য। এছাড়াও ৭ জনকে আটক করা হয়েছে। জানা যাচ্ছে, যাদের আটক করা হয়েছে তাঁদের মোথাবাড়ি থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

কী ঘটেছিল মোথাবাড়িতে? 

উল্লেখ্য,  ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে গত সপ্তাহের বুধবার দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল মালদার মোথাবাড়ির পাশাপাশি সুজাপুর-সহ বিভিন্ন এলাকা। এসআইআরের কাজে নিযুক্ত সাত জন বিচারক গিয়েছিলেন কালিয়াচক-২ ব্লকে। কিন্তু,উত্তেজিত জনতা ব্লক অফিসের ভিতরে রাত পর্যন্ত তাঁদের আটকে রাখে। তা নিয়ে ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সেই বিষয় গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। রাজ্য পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে শীর্ষ আদালত জানিয়েছিল, সিবিআই বা এনআইএ-কে দিয়ে তদন্ত করাতে হবে। সেই মতো কমিশন তদন্তভার এনআইএর হাতে দেয়। ইতিমধ্যেই মোথাবাড়ির ঘটনায় ৪৭ জন অভিযুক্তকে গ্রেফতার করেছিল নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্য পুলিশ। এই ঘটনায় ১২টি এফআইআর দায়ের হয়েছে। ধৃতদের আগেই নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করেছে জাতীয় তদন্তকারী সংস্থা তথা এনআইএ। আর এবার এই কান্ডে প্রথম গ্রেফতার করল তারা।