ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধর্না কর্মসূচি চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়লেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। ঘটনাস্থলেই তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেই সময় তাঁর পাশে দেখা যায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি নিজে কুণালের মাথায় হাত বুলিয়ে দেন এবং তাঁকে স্বাভাবিক করার চেষ্টা করেন।

জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকেই একাধিক রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত ছিলেন কুণাল ঘোষ। প্রথমে কালীঘাটে দলের বৈঠকে যোগ দেন, এরপর বিভিন্ন সাংগঠনিক কাজে অংশ নিয়ে বিধানসভায় যান। পরে ওয়াই চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না মঞ্চেও উপস্থিত হন তিনি।

ধর্নাস্থলে দীর্ঘক্ষণ থাকার পর আচমকাই শারীরিক অসুস্থতা অনুভব করেন কুণাল।

বিষয়টি বুঝতে পেরে দলীয় কর্মী-সমর্থকেরা দ্রুত তাঁকে বিশ্রামের ব্যবস্থা করে দেন। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর খোঁজখবর নেন এবং পাশে থাকেন।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তীব্র গরম ও সারাদিনের ব্যস্ততার কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েন। কিছুক্ষণ বিশ্রামের পর তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয় বলে জানা গিয়েছে। আপাতত তিনি স্থিতিশীল রয়েছেন। তবে প্রয়োজন হলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে বলে দলীয় সূত্রে খবর।