পুবের কলম ওয়েবডেস্কঃ প্রতি বছরের মতো এবারও পবিত্র বায়তুল্লাহ শরিফ বা কাবাগৃহের কিসওয়াহ বা গিলাফ ওপরে তোলা হয়েছে। হজ মরসুমের শুরুতে প্রতি বছর এই কিসওয়াহ উত্তোলিত হয়। রবিবার রাতে মসজিদুল হারামাইনের সভাপতি ড. আধুর রহমান আল সুদাইসের নেতৃত্বে ৫০ জনের একটি বিশেষ দল কাজটি সম্পন্ন করেন।
আরও পড়ুন:
পবিত্র হজের সময় যাত্রীদের সমাগম বেড়ে যাওয়ায় বায়তুল্লাহর গিলাফ সুরক্ষিত রাখতে উপরের দিকে গুটিয়ে ইহরামের কাপড় দিয়ে চারপাশ বেঁধে দেওয়া হয়।
গিলাফের অতি সূক্ষ্ম উপাদানগুলোকে ক্ষতির হাত থেকে বাঁচাতেই এই পদক্ষেপ। কাবা শরিফের চারদিকের দেওয়ালে এই পন্থা অবলম্বন করা হয়ে থাকে।কাবা শরিফ যে কালো রঙের গিলাফ দিয়ে আচ্ছাদিত করা হয়, তা ৬৭০ কেজি কাঁচা রেশম দিয়ে তৈরি। এর আয়াতগুলো তৈরি করতে ১২০ কেজি স্বর্ণ এবং ১০০ কেজি রৌপ্য সুতো ব্যবহার করা হয়।
গিলাফের ওপরের দিকের বেল্টটি ছয়টি টুকরো দিয়ে তৈরি। উল্লেখ্য, হজ বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশগুলোর অন্যতম।প্রতিটি সুস্থ ও অর্থনৈতিকভাবে সক্ষম মুসলমানের জন্য জীবনে অন্তত একবার এ ধর্মীয় বিধান পালন করা আবশ্যক। প্রতি হিজরি বছরের জিলহজ মাসের ৮ তারিখে হজের আনুষ্ঠানিকতা শুরু হয় এবং ১৩ তারিখে শেষ হয়। ২০২২ সালের হজ ৭ থেকে ১২ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হবে। এ বছর ১০ লক্ষ হজযাত্রী পবিত্র হজে অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে।