রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহে এবার বিজেপিকে রুখতে বামেদের কাছেই সাহায্যের আবেদন জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বামপন্থীদের সহযোগিতা পেলে তাঁর কোনও আপত্তি নেই, এমনকি ‘আলট্রা লেফটিস্ট’ হলেও নয়।

এদিন কালীঘাটের বাড়ি-সংলগ্ন চত্বরে দলের কয়েকজন বিধায়ক ও নেতাকে নিয়ে রবীন্দ্রজয়ন্তী পালন করেন মমতা।

সাংস্কৃতিক অনুষ্ঠানের আবহেই রাজনৈতিক বার্তা দেন তিনি। বিজেপির উত্থানকে বাংলার জন্য বিপজ্জনক বলে উল্লেখ করে বিরোধী শক্তিগুলিকে একজোট হওয়ার আহ্বান জানান তৃণমূল নেত্রী।

রাজনৈতিক মহলের মতে, একসময় বামেদের বিরুদ্ধে তীব্র আন্দোলন করেই বাংলার ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তিনিই এখন বিজেপিকে রুখতে বামেদের সহযোগিতা চাইছেন— যা রাজ্যের রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।