পুবের কলম প্রতিবেদক, পিংলা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় এসে স্বাস্থ্য পরিষেবায় কড়া নজর দিয়েছেন। বহু মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নির্মাণ হয়েছে তাঁর আমলে। কলকাতা থেকে গ্রাম-বাংলার সরকারি হাসপাতালগুলোর পরিকাঠামো বদলে গেছে। উন্নত হয়েছে পরিষেবার মানও। তবে পিংলায় ৪ বছর আগে একটি স্বাস্থ্যকেন্দ্রর শিলান্যাস হলেও আজও চালু হয়নি।

যা নিয়ে স্থানীয় মানুষের ক্ষোভ বাড়ছে।

২০১৯ সালে পশ্চিম মেদিনীপুরের পিংলার হারমা স্বাস্থ্যকেন্দ্রের শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্যান্যাসের পর দীর্ঘ সময় কেটে গেলেও কোনও চিকিৎসা পরিষেবা পাওয়া যায় না সেখানে। যার কারণে এখন বেশ হতাশ স্থানীয় মানুষজন। এবিষয়ে পিংলা ব্লক স্বাস্থ্য আধিকারিক উৎপল রায় জানান, এই হাসপাতালের ব্যাপারে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা হয়েছে। হাসপাতালের সরঞ্জাম এবং কর্মী নিয়োগ হলে হাসপাতালের চিকিৎসা পরিষেবা চালু হয়ে যাবে।