পুবের কলম ওয়েবডেস্ক : আবারও নতুন করে নিম্নচাপ সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে, আগামী ২৪ ঘণ্টায় তা নিম্নচাপে পরিণত   হতে পারে। দক্ষিণবঙ্গের অন্তত ন’টি জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি সব জেলাতেই কমবেশি বৃষ্টি চলতে থাকবে। ঝোড়ো আবহাওয়ার কারণে ওড়িশার  উপকূলে মৎস্যজীবীদের না যাওয়ার জন্য আগাম সতর্কতা জারি করা হয়েছে।

রবিবার থেকে নতুন করে  তৈরি হয়েছে নিম্নচাপ। যার ফলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে সব জায়গায়। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় সোমবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে খবর রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে  ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় মঙ্গলবার এবং বৃহস্পতিবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

এছাড়াও হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বুধবারের জন্য আগামভাবে সতর্কতা জারি করা হয়েছে। আগামী শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি শুক্রবার দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায়  ভারী বৃষ্টিঅও হতে পারে বলে খবর। তবে আগামী শনিবার এবং রবিবার দুই  মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়াতে দুইদিনের জন্য আগাম সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ফলত গরমের হাত থেকে কিছুটা হলেও স্বস্তি মিলবে।

এর পাশাপাশি উত্তরবঙ্গেও চলতে থাকবে বৃষ্টি। জানা যাচ্ছে সোমবার থেকে উত্তরের সব জেলাতেই ঝড়বৃষ্টির জন্য আগাম পূর্বাভাস দেওয়া হয়ে গিয়েছে। বুধবার থেকে জলপাইগুড়ি এবং বৃহস্পতিবার থেকে কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু জলপাইগুড়ি এবং  আলিপুরদুয়ারে এই দুর্যোগ চলবে শনিবার  পর্যন্ত। তাই এই জেলাগুলিতে আগাম হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।