পুবের কলম, ওয়েবডেস্ক: বিহারে প্রবল বজ্রপাতের ঘটনায় গত ২৪ ঘন্টায় প্রাণহানি কমপক্ষে ১৬ জনের। সরকারি পরিসংখ্যান অনুযায়ী এত তথ্য সামনে এসেছে। তবে বেসরকারি মতে মৃত্যুর সংখ্যা আরও বেশি। মৌসম ভবন বজ্রপাত নিয়ে বিহারে রেড অ্যালার্ট জারি করেছে।

ঘটনায় শোকজ্ঞাপন করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

মৃতদের পরিবার পিছু ৪ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিপর্যয় মোকাবিলা দফতরের পরামর্শও শোনার জন্য মুখ্যমন্ত্রীর অনুরোধ করেছেন তিনি।

তথ্য অনুযায়ী, পূর্ব চম্পারণ জেলায় বজ্রাঘাত প্রাণ কেড়েছে ৪ জনের। পশ্চিম চম্পারণ জেলায় একজন ও আরারিয়া জেলায় একজনের মৃত্যু হয়েছে। বাকা ও মুজফফরপুরেও বজ্রপাতে মৃত্যু দুজনের।

উল্লেখ্য,  গত ২০ জুন, বিহারে একইভাবে বজ্রাঘাত প্রাণ কেড়ে নেয় ১৭ জনের।