পুবের কলম, জাতীয় ডেস্ক: গত বছর মণিপুরে মেইতেই সম্প্রদায়ের আক্রমণের পর কুকি মহিলারা প্রতিবাদ জানানোর সময় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা রকেট লঞ্চারের সাহায্যে রকেট নিক্ষেপ করে সেই প্রতিবাদ আন্দোলনকে ছত্রভঙ্গ করে দিয়েছিল। তাতে একজন কুকি মহিলা মারাত্মক ভাবে জখম হন।
আরও পড়ুন:
সেই মহিলা এখন কেন্দ্র এবং মণিপুরের তদানীন্তন বিজেপি সরকারের কাছে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে মামলা করেছেন। এই মামলার জেরে মণিপুর হাইকোর্ট কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে জবাব চেয়েছে। অবশ্য এখনই বিচারপতি এ গুণেশ্বর শর্মা কেন্দ্র বা রাজ্যকে আনুষ্ঠানিক ভাবে কোনও নোটিশ পাঠাননি।
ওই মহিলা ক্ষতিপূরণের পাশাপাশি ফৌজদারি মামলা করে বিশেষ তদন্ত দলকে দিয়ে ওই ঘটনার তদন্ত দাবিও করেছেন।আরও পড়ুন:
বিচারপতি বলেছেন, ২ সপ্তাহের মধ্যে এই ব্যাপারে যার যা বক্তব্য লিখিতভাবে দিতে হবে। ১৭ অক্টোবর এই মামলার শুনানি হবে। মানবাধিকারের জন্য কুকি মহিলা সংগঠন এই মামলা করে অভিযোগ করেছে, মণিপুরের সাইবোল গ্রামে কুকি মহিলারা বিক্ষোভ দেখাচ্ছিলেন।
আরও পড়ুন:
সেই নিরস্ত্র মহিলাদের রকেট নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে নিরাপত্তা বাহিনী।
সিআরপিএফের অফিসাররা ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়ে এইভাবে মহিলাদের দমন করতে চেয়েছিলেন। আদালতে কেন্দ্রীয় সরকারের কৌসুঁলি বি আর শর্মা উপস্থিত ছিলেন। তিনি বলেন, শুধু সরকারি পক্ষকেই এই মামলায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া উচিত। অভিযোগকারীদের আইনজীবী আনন্দ গ্রোভার বলেন, আদালত এই ব্যাপারে যথাযথ আদেশ দিলে ভালো হয়। আনন্দ গ্রোভারের অধীনে আরও পাঁচজন আইনজীবী এই মামলায় সওয়াল করতে উপস্থিত ছিলেন। অ্যাডভোকেট জেনারেল লেনিন হিজামও উপস্থিত ছিলেন।