পুবের কলম, ওয়েবডেস্ক: নতুন তিনটি ট্রেনের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বাদামপাহার রেলওয়ে স্টেশন ভারতীয় রেলের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। উদ্বোধনের পর রাষ্ট্রপতি তাঁর জন্মস্থান উপড়বেদা থেকে প্রায় ১৩ কিমি ট্রেনে ভ্রমণ করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, ওড়িশার গভর্নর রঘুবর দাস সহ অন্যান্য নেতৃত্বরা।
আরও পড়ুন:
জানা গিয়েছে, ৯১ বছরের মধ্যে এই প্রথম ওই এলাকায় রেল যোগাযোগ স্থাপন হয়েছে। এক্সপ্রেস ট্রেনও চালু হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, 'দেশের উপজাতীয় এলাকায় সংযোগ প্রদান করা মোদি সরকারের প্রথম অগ্রাধিকার। এই তিনটি ট্রেন খনিজ সমৃদ্ধ অঞ্চলগুলিকে বিভিন্ন উপায়ে উপকৃত করবে।
"আরও পড়ুন:
শালিমার-বাদামপাহার এবং বাদামপাহার-রৌরকেলা সাপ্তাহিক এক্সপ্রেস এবং বাদামপাহার এবং টাটানগরের মধ্যে একটি মেমু ট্রেন চালু করা হয়েছে। আদিবাসী এলাকাগুলিকে বড় শহরগুলির সাথে সংযুক্ত করে স্থানীয় অর্থনীতি, স্বাস্থ্যসেবা এবং উপজাতীয় পর্যটনের অনেক সুবিধা করবে বলে মনে করছে রেল কর্তারা। রেলওয়ের এক আধিকারিক বলেন, 'শালিমার-বাদামপাহাড় সাপ্তাহিক প্রথম এক্সপ্রেস ট্রেন যা পশ্চিমবঙ্গের কলকাতার কাছে শালিমারকে ওড়িশার বাদামপাহারের সাথে সংযোগ করবে। দ্বিতীয় সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনটি বাদামপাহারের খনিজ সমৃদ্ধ অঞ্চলগুলিকে ভারতের ইস্পাত শহর রাউরকেলার সাথে সংযুক্ত করবে এবং তৃতীয়টি টাটানগর-বাদামপাহার মেমু প্রতিদিনের যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ হবে।'