পুবের কলম ওয়েবডেস্ক: পাকিস্তানে জাফর এক্সপ্রেসে বিস্ফোরণ! লাইনচ্যুত ৬টি বগি। ফের পাকিস্তানে বালোচ বিদ্রোহীদের নিশানায় জাফর এক্সপ্রেস। বুধবার সকালে পাকিস্তানের জাকোবাবাদে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ফলে লাইনচ্যুত হয় জাফর এক্সপ্রেস।
দুর্ঘটনায় কোনও হতাহতের খবর নেই। জানা যাচ্ছে কোয়েটা থেকে পেশোয়ারের উদ্দেশে যাচ্ছিল ট্রেনটি।

জাকোবাবাদ পাকিস্তানের সিন্ধ প্রদেশে অবস্থিত। পাক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, কোয়েটার উদ্দেশে যাচ্ছিল ট্রেনটি। পশু হাটের কাছে ট্রেন আসতেই হঠাৎ রেললাইনে বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এরপরই লাইনচ্যুত হয় জাফার এক্সপ্রেস। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হন রেল আধিকারিক ও পাক সেনা। কীভাবে এই বিস্ফোরণ তার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এই ঘটনার পিছনে বালোচ বিদ্রোহীদের হাত রয়েছে । যদিও এখনও পর্যন্ত কোনও সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেনি।

উল্লেখ্য,  চলতি বছরে জাফর এক্সপ্রেসে এ নিয়ে দ্বিতীয়বার বড় হামলা হল । গত মার্চ মাসে জাফর এক্সপ্রেস অপহরণ করে বালোচ লিবারেশন আর্মি। বালোচিস্তান প্রদেশের কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ারে যাচ্ছিল যাত্রীবাহী জাফর এক্সপ্রেস। পাক সেনাকর্মী থেকে শুরু করে পাক গুপ্তচর সংস্থা আইএসআই ও নিরাপত্তা বাহিনীর অনেকেই ছিলেন ওই ট্রেনে। প্রায় ৫০০ যাত্রী-সহ এই ট্রেনের দখল নেয় বালোচ বিদ্রোহীরা। পণবন্দি করা হয় ট্রেনে থাকা পাক সেনাদের। পালটা বালোচদের বিরুদ্ধে অভিযান চালায় পাক সেনা। সেই ঘটনায় মৃত্যু হয় ৬৪ জনের।