পুবের কলম, ওয়েবডেস্ক : লোকসভা ভোটের আগে বড়সড় স্বস্তি পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। ২০১৮ সালের একটি মানহানির মামলায় জামিন পেলেন রাহুল। উত্তরপ্রদেশের সুলতানপুর আদালত তাঁকে জামিন দেয়। ২৫০০০ টাকার গ্যারান্টি এবং ২৫০০০ টাকার ব্যক্তিগত বন্ডে রাহুলের জামিনের আবেদন মঞ্জুর হয়।
আরও পড়ুন:
২০১৮ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সম্পর্কে বিরূপ মন্তব্য করার অভিযোগে কংগ্রেস সাংসদের বিরুদ্ধে মানহানির মামলাটি করেছিলেন বিজেপি নেতা বিজয় মিশ্র। মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল।
আদালতের নির্দেশ ছিল ৩৬ ঘণ্টার মধ্যে হাজিরা দিতে হবে রাহুলকে। ভারত জোড়ো ন্যায় যাত্রা মাঝপথে থামিয়ে সুলতানপুর জেলা সিভিল আদালতে হাজিরা দেন রাহুল। আদালত তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে।আরও পড়ুন:
রাহুল তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, "আদালতের নির্দেশ মেনে হাজিরা দিয়েছি। এইসব করে কোনও মতেই ভারত জোড়ো ন্যায় যাত্রাকে অন্যপথে ঘুরিয়ে দেওয়া সম্ভব নয়। রাহুল গান্ধিকে দমিয়ে দেওয়া যাবে না।
ভারতীয় জাতীয় কংগ্রেস ভয় পায় না।"আরও পড়ুন:
মামলাকারীর আইনজীবী সন্তোষ কুমার পান্ডে বলেন, ২০১৮ সালের ৪ আগস্ট রাহুল গান্ধির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। গত ৫ বছর ধরে মামলাটি চলছে। রাহুল গান্ধি এদিন আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাঁকে ৩০-৪৫ মিনিটের জন্য হেফাজতে নেয়। জামিনের আবেদন করা হয়, আদালত মঞ্জুর করে।
পরবর্তী তারিখ কিছু এখনও কিছু দেওয়া হয়নি। এদিন আইনজীবী পান্ডে বলেন, অমিত শাহের বিরুদ্ধে প্রমাণ ছাড়া খুনি মন্তব্য করতে পারেন না কেউ। পাশাপাশি মামলাকারী বিজেপি নেতা বিজয় মিশ্র বলেন, 'ঘটনাটি যখন ঘটেছিল আমি তখন বিজেপির সহ সভাপতি ছিলাম। রাহুল গান্ধি বেঙ্গালুরুতে অমিত শাহকে খুনি বলেছিলেন। এই মন্তব্য শোনার পরই আমার খুব কষ্ট হয়। আমি আমার আইনজীবীদের পরামর্শ নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করি'।আরও পড়ুন:
প্রসঙ্গত, মঙ্গলবার ভারত জোড়ো ন্যায় যাত্রা ৩৮ তম দিনে পা দিল। সকালে রাহুল গান্ধি আদালতে গিয়েছিলেন তাই দুপুর থেকে ফের শুরু হয়। দুপুর ২টো থেকে উত্তরপ্রদেশের আমেঠির ফুরসতগঞ্জ থেকে যাত্রা শুরু হয়, যাবে রায়বরেলির দিকে।