পুবের কলম প্রতিবেদক: লোকসভা ভোটের আগে রাজ্য পুলিশের শীর্ষ স্তরে বড়সড় রদবদল। বদলি হলেন মোট ৭৯ জন আধিকারিক। সোমবার রাতেই এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেই অনুযায়ী, রাজ্য পুলিশের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তাদের রদবদল হয়েছে। জানা গিয়েছে, রাজ্যের দমকল বিভাগের নতুন ডিজি হয়েছেন সঞ্জয় মুখোপাধ্যায়।
আরও পড়ুন:
অপরদিকে, রাজ্যের দমকল বিভাগের দায়িত্বে থাকা বর্তমান ডিজি রণবীর কুমারকে বদলি করা হয়েছে রাজ্য ফরেনসিক ল্যাবরেটরির প্রশাসক পদে। এছাড়া, মূলত এসডিপিও এবং অতিরিক্ত পুলিশ সুপার পদে রদবদল ঘটানো হয়েছে। মোট ৭৯ জন আইপিএস পদে সোমবার রদবদল ঘটিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর।
আরও পড়ুন:
মুর্শিদাবাদ লালবাগের অতিরিক্ত পুলিশ সুপার অসীম খানকে, রানিগঞ্জের অতিরিক্ত সুপার সদর পদে এবং বিধাননগর কমিশনারেটের অতিরিক্ত চারু শর্মাকে সুন্দরবনের অতিরিক্ত পুলিশ সুপার সদর পদে, এসডিপিও সিদ্ধার্থ ধাপলাকে রানাঘাটের অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলি করা হয়।
আরও পড়ুন:
ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায়কে পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার পদে, ইসলামপুরের অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মণ্ডলকে দক্ষিণ দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার পদে এবং ডায়মন্ড হারবারের এসডিপিও, জলপাইগুড়ির ডেপুটি এসপি ডিআইবি, হলদিয়ার এসডিপিও, জঙ্গিপুরের এসডিপিও, মালদার চাঁচলের এসডিপিও, কালিম্পং গরুবাথানের এসডিপিও, ফরাক্কা জঙ্গিপুরের এসডিপিও সহ ৭৯ জনকে বদলি করা হয়েছে অন্যত্র।
আরও পড়ুন:
লোকসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশের একাধিক কর্মকর্তার এহেন বদলি যদিও রুটিনমাফিক বলেই জানানো হয়েছে রাজ্য পুলিশের তরফে। জানা গিয়েছে, সোমবার রাতে এই বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে রাজ্য পুলিশের একাধিক অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও, অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার পদে রদবদলের সিদ্ধান্তের কথা জানানো হয়। উত্তর থেকে দক্ষিণবঙ্গে রাজ্য পুলিশের মোট ১৯৫ জনের বদলির নির্দেশ দেওয়া হয়। উত্তরের একাধিক পুলিশ আধিকারিককে দক্ষিণবঙ্গে এবং দক্ষিণবঙ্গের একাধিক পুলিশ আধিকারিককে উত্তরবঙ্গে জেলাগুলিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন:
এর আগে, রাজ্যের একাধিক আমলা পদেও রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল নবান্নের তরফে। সাধারণত, লোকসভা নির্বাচনের আগে একাধিক আমলা এবং রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের রদবদল স্বাভাবিক নিয়মেই হয়ে থাকে। ৩ বছরের বেশি একই পদে যাতে কোনো আধিকারিক না থাকেন তার জন্য রদবদলের ব্যাপারে নির্দেশ দিয়ে থাকে জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই এই নির্দেশ পাঠানো হয়েছে রাজ্য নিযুক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে। জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী, ২০২৪ সালের ৩০ জুনের মধ্যে একই পদে থাকা সরকারি পদাধিকারীদের স্থানান্তর করতে হবে।