পুবের কলম ওয়েব ডেস্কঃ ভোটের মুখে বাইক ব্যবহারে নির্বাচন কমিশনের জারি করা নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন এক আবেদনকারী। বিচারপতি কৃষ্ণ রাও এই বিষয়ে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। জানা যাচ্ছে, আগামী ২৩ এপ্রিল,  বৃহস্পতিবার মামলার শুনানি হতে পারে। আবেদনকারীর আইনজীবীর দাবি,  এই বিধিনিষেধ কার্যকর হলে সাধারণ মানুষের নিত্যদিনের যাতায়াতে গুরুতর সমস্যা তৈরি হবে।

মঙ্গলবার নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তি জারি করে জানায়,  ভোটের দু’দিন আগে থেকে কোনও ধরনের বাইক মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। পাশাপাশি নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। ওই নির্দেশ অনুযায়ী,  ভোটের আগে দু’দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইক চালানো গেলেও, পিছনে কাউকে বসানো যাবে না। একই নিয়ম প্রযোজ্য থাকবে ভোটের দিনও সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে বাইক ব্যবহার করা যাবে, তবে তা শুধুমাত্র ভোট দিতে যাওয়া বা জরুরি প্রয়োজনের ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে।

কমিশনের তরফে আরও জানানো হয়েছে,  চিকিৎসাজনিত প্রয়োজন,  পারিবারিক জরুরি কাজ কিংবা স্কুলে পড়ুয়াদের আনা-নেওয়ার মতো পরিস্থিতিতে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। এমনকি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে বাইকে যাতায়াতের ক্ষেত্রেও কিছুটা ছাড় রাখা হয়েছে। পাশাপাশি, র‍্যাপিডো বা অন্যান্য অ্যাপ-ভিত্তিক পরিষেবার ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না বলেও স্পষ্ট করা হয়েছে। তবে এই নির্দেশের বাইরে কেউ যদি বিশেষ কারণে ছাড় চান, তা হলে তাঁকে সংশ্লিষ্ট এলাকার থানার কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে বলে জানানো হয়েছে। এই নির্দেশিকাকেই কেন্দ্র করে এবার আদালতের দ্বারস্থ হওয়া হয়েছে।