পুবের কলম, ওয়েবডেস্ক: মালদহের কালিয়াচকে বিচারকদের ঘেরাও করে রাখার ঘটনায় কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে রাজ্যের মুখ্যসচিব, পুলিশের ডিজি (ডিজিপি), মালদহের জেলাশাসক ও পুলিশ সুপারকে শোকজ নোটিস জারি করেছে শীর্ষ আদালত। পাশাপাশি গোটা ঘটনার বিস্তারিত প্রাথমিক রিপোর্টও তলব করা হয়েছে।
আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রয়োজনে এই ঘটনার তদন্ত সিবিআই বা এনআইএ-র হাতে তুলে দেওয়া হতে পারে। ঘটনার প্রেক্ষিতে নির্বাচন কমিশনের ভূমিকাও প্রশ্নের মুখে পড়েছে।
ঘটনাটি ঘটে কালিয়াচক এলাকায়। ভোটার তালিকা সংশোধন (এসআইআর) ঘিরে বিক্ষোভের জেরে ক্ষুব্ধ জনতা সাতজন বিচারককে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখে বলে অভিযোগ। তাঁদের মধ্যে তিনজন মহিলা বিচারকও ছিলেন। গভীর রাতে বিশাল পুলিশবাহিনী গিয়ে তাঁদের উদ্ধার করে। এই ঘটনায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল সুপ্রিম কোর্টকে চিঠি দিয়ে বিস্তারিত জানান। সেই প্রসঙ্গ তুলে শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, রাতভর পরিস্থিতির ওপর নজর রাখা হয়েছিল এবং এই ঘটনা বিচারব্যবস্থার উপর সরাসরি প্রভাব ফেলতে পারে।
শীর্ষ আদালতের কড়া পর্যবেক্ষণ, এটি শুধু বিচারকদের ভয় দেখানোর ঘটনা নয়, বরং বিচারব্যবস্থাকেই চ্যালেঞ্জ করার শামিল। ঘটনাকে ‘পরিকল্পিত’ এবং ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলেও মন্তব্য করা হয়েছে। বিচারকদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছে বলেও মত আদালতের।
এদিকে, অভিযুক্ত প্রশাসনিক কর্তাদের আগামী শুনানিতে ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা স্পষ্ট করতে বলা হয়েছে। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা। সমগ্র ঘটনায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং ভোটের আগে আইনশৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।