পুবের কলম ওয়েবডেস্কঃ ভারতের  বিদেশ সচিব  হর্ষবর্ধন  শ্রিংলার আফগানিস্তান  নিয়ে  আলোচনার প্রস্তাব  গৃহীত  হল রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে। আফগানিস্তানে মার্কিন সেনা প্রত্যাহার এবং  তালিবানরা দ্বিতীয় বারের জন্য  ক্ষমতায় আসার পর নিরাপত্তা পরিষদে গৃহীত  হওয়া  এটাই প্রথম  আলোচনা।  তবে রাশিয়া ও চিন প্রস্তাব গ্রহণে বিরত থাকে। ফলে ৫ স্থায়ী সদস্য রাষ্ট্রের মধ্যে ৩-২ বিভাজন হয়ে যায়। সব মিলিয়ে মোট ১৩ সদস্য রাষ্ট্র প্রস্তাবটি সমর্থন করে।

 তালিবানদের হাতে  দ্বিতীয় দফায় আফগানিস্তানের  শাসন ক্ষমতা  এবং  আই এস খোরাসান  গোষ্ঠীর  উপর্যুপরি  হামলা মূল আ্যজেন্ডা বলে জানা যাচ্ছে।  শ্রিংলা  নিজের  বক্তব্যে বলেন  তালিবানরা জানিয়েছেন  সকল ইচ্ছুক  আফগান এবং  বিদেশি  নাগরিকদের  স্বেচ্ছায়  দেশ ছাড়তে দেওয়া হবে এবং   রক্ষিত হবে আফগান নাগরিকদের  মানবাধিকার।  এটাই দেখার অপেক্ষায়  আছে  গোটা বিশ্ব।

রাশিয়া ও চিন এই প্রস্তাব গ্রহণে বিরত থাকল কেন? রাষ্ট্রপুঞ্জে চিনের উপরাষ্ট্রদূত গেং শুয়াংয়ের দাবি, তড়িঘড়ি এই প্রস্তাব গ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কেই চিনের ‘গভীর সংশয়’ আছে। রাশিয়ার দাবি, প্রস্তাবের খসড়া তৈরির সময়ে তাদের বক্তব্য গুরুত্ব পায়নি।