পুবের কলম ওয়েবডেস্ক: কানপুরে  নিউজিল্যান্ডের  বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট ড্র হয়েছে। অল্পের জন্য ম্যাচ হাতছাড়া হয়েছে টিম ইন্ডিয়ার। শেষ দিনে অনেক চেষ্টা করেও কিউয়িদের শেষ উইকেটটা আর ফেলতে পারেনি ভারতীয় দলের বোলাররা। এদিকে জানা যাচ্ছে– কানপুরের তুলনায় মুম্বইয়ের ওয়াংখেড়ের পিচে বেশি সুবিধা  পেতে চলেছেন স্পিনাররা।

মুম্বইয়ের পিচে অতিরিক্ত বাউন্স রয়েছে– যা  থেকে ফায়দা তুলতে পারবনে স্পিনাররা। প্রসঙ্গত– মুম্বইয়ে ভারত-নিউজিল্যান্ডের মধ্যে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট শুরু হবে ৩ ডিসেম্বর থেকে।

কানপুরের পিচ দেখে  কিছুটা অবাক হয়েছিলেন ভারতীয় বোলাররা। ওই ম্যাচের পরে  কোচ রাহুল দ্রাবিড়  এবং অশ্বিন দু’জনেই পিচ নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন– এবং জানিয়েছিলেন পিচ থেকে তেমন কোনও সাহায্য পাওয়া যায়নি।

মুম্বইয়ে পিচের বাউন্স এবং রবিচন্দ্রন অশ্বিনের উচ্চতা তাঁকে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। ইতিহাস ঘাঁটলে দেখা যাচ্ছে– চেন্নাইয়ের এমএ  চিদম্বরমের পরে ওয়াংখেড়েতেই সবচেয়ে সফল  হয়েছেন অশ্বিন। তবে চেন্নাইয়ের তুলনায়  মুম্বইয়ে তাঁর গড় অনেক ভালো। পাঁচ  বছর আগে ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ম্যাচে ১৯  উইকেট পেয়েছিলেন স্পিনাররা। যার মধ্যে অশ্বিন  একাই পেয়েছিলেন ১২টি উইকেট।