পুবের কলম প্রতিবেদক: ডেঙ্গু মোকাবিলার লক্ষ্যে বর্ষা শুরু হওয়ার আগেই কোমর বেঁধে নামছে রাজ্য। গত বছরের পুনরাবৃত্তি যাতে এ বার না হতে পারে, তার জন্য রাজ্য সচেষ্ট। আর এ সবেরই অঙ্গ হিসাবে এপ্রিল মাসের শুরুতেই সেরে নেওয়া হল বৈঠক। এমনই জানা গিয়েছে স্বাস্থ্য দফতর সূত্রে।
আরও পড়ুন:
ডেঙ্গু আক্রান্তদের সংখ্যার উপর ভিত্তি করে অতীতের বিভিন্ন রেকর্ড গত বছর ভেঙে গিয়েছিল এই রাজ্যে। গত বছর এই রাজ্যে এক লাখেরও বেশি মানুষ ডেঙ্গু পজিটিভ হয়েছিলেন। তবে, গত বছরের তুলনায় চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গুর সংক্রমণ কম দেখা যাচ্ছে।
আরও পড়ুন:
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, গত বছরের প্রথম ১৪ সপ্তাহে এ রাজ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১,০১৭ জন।
এই একই সময়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৮১৩ জন। গত বছর এই সময় রাজ্যে ডেঙ্গুর সংক্রমণের হার ছিল ০.৮ শতাংশ, এই বছরে এই হার ০.৭ শতাংশ দেখা যাচ্ছে। স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানিয়েছেন, গত বছরের প্রথম সাড়ে তিন মাসের তুলনায় চলতি বছরের প্রথম সাড়ে তিন মাসে দেখা যাচ্ছে ডেঙ্গুর পরিস্থিতি এ রাজ্যে সন্তোষজনক।আরও পড়ুন:
তবে ঢিলেমি দিতে চাইছে না স্বাস্থ্য দফতর।
এরই জেরে সোমবার বৈঠক করা হয় সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে। এই বৈঠকে রাজ্যের স্বাস্থ্য দফতরের পাশাপাশি সেচ, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং পুর ও নগরোন্নয়ন দফতরের সংশ্লিষ্ট আধিকারিকরা ছিলেন বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।আরও পড়ুন:
স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানান, গত বছরে এই সময় রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এমন কিছু বেশি ছিল না। তবে, এই অবস্থার পরিবর্তন হতে শুরু করে বছরের শেষের দিকে। ওই অবস্থা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে, গত বছরের শেষে দেখা যায় এই রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১ লাখেরও বেশি। ডেঙ্গুতে গত বছরের মতো পরিস্থিতির সম্মুখীন যাতে এই বছর হতে না হয়, সেই লক্ষ্যেই এগোনো হচ্ছে। ডেঙ্গু মোকাবিলার লক্ষ্যে বর্ষা শুরু হওয়ার আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।