পুবের কলম প্রতিবেদকঃ ডিএ মঞ্চে গিয়ে আন্দোলনকারীদের অধিকার আদায়ে নবান্ন অভিযানের পরামর্শ দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আন্দোলনকারীদের তিনি বলেছিলেন, ‘অধিকার আদায়ে নবান্ন অভিযান করুন’। বিরোধী দলনেতার এই মন্তব্যের পাল্টা জবাব দিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি, 'গভীর ষড়যন্ত্র করা হচ্ছে।'
আরও পড়ুন:
তৃণমূল মুখপাত্রের বক্তব্য, শুভেন্দু অধিকারী ডিএ আন্দোলনকারীদের মঞ্চে গিয়ে বলেন, 'আগুন জ্বলবে বাংলায়!' আমাদের আশঙ্কা, বাংলাকে অশান্ত করতে কোনও গভীর ষড়যন্ত্র করা হচ্ছে।
শুভেন্দু আগেও একাধিকবার বাংলার শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার অপচেষ্টা করেছেন। আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানের নামে বিশৃঙ্খলা সৃষ্টি এবং তাতে তিনজনের প্রাণহানি থেকে শুরু করে সম্প্রতি আমজনতাকে প্ররোচিত করতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার রক্ষণাবেক্ষণ সংক্রান্ত ভুয়ো তথ্য পেশ। সবক্ষেত্রেই শুভেন্দু বারবার এমনটা করেছেন।আরও পড়ুন:
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট আন্দোলনকারীরা আসলে রাজ্যে বিরোধী নেতাদের হয়ে তাঁদের ধর্ণা চালিয়ে যাচ্ছেন। তৃণমূল মুখপাত্রের মতে, 'কেন্দ্র সরকার যে বাংলার হকের বিপুল টাকা আটকে রেখেছে, তা নিয়ে এই আন্দোলনকারীরা কিছুই বলছেন না।
অথচ, মাননীয়া মুখ্যমন্ত্রী রাজ্যের সীমিত সাধ্যের মধ্যেই তাঁদের দাবি পূরণের প্রয়াস করেছেন।'আরও পড়ুন:
প্রসঙ্গত, মঙ্গলবার বকেয়া ডিএ-এর দাবিতে অনশনরত সরকারি কর্মচারীদের মঞ্চে গিয়ে শুভেন্দু অধিকারী ডিএ আন্দোলনকারীদের বলেন, ‘অধিকার আদায়ে নবান্ন অভিযান করুন'। এরপর, সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র নিশানা করে বিরোধী দলনেতা বলেন, 'ভোট লুট করাতে পারবেন না বলে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের সঙ্গে দমন পীড়ণ নীতি নিয়েছে এই সরকার।’ শুধু তাই নয়, শুভেন্দু আরও বলেন, ‘অনশনরতদের মধ্যে যদি কারোর কোনও ধরনের সমস্যা হয় তাহলে বাংলায় আগুন জ্বলবে।’ শুভেন্দুর এই মন্তব্যের পেছনেই গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত পেয়েছে তৃণমূল।