পুবের কলম প্রতিবেদক: এসএসসির রিত্রুটমেন্টের তদন্তে নেমে ইতিমধ্যে রাজ্যে পুর নিয়োগ দুর্নীতির সন্ধান পেয়েছে ইডি-সিবিআই। তদন্তের সূত্র ধরে এবার আরও দুর্নীতির গন্ধ পাচ্ছেন গোয়েন্দারা। তাদের অনুমান উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষা ও শারীরশিক্ষার নিয়োগেও দুর্নীতি হয়ে থাকতে পারে। এবার এসএসসির দুর্নীতি খুঁজছে সিবিআইয়ের কর্তারা।

গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, সফল ভাবে এসএসসির নম্বর বদলের পর নাইসাকে আরও একটি নিয়োগ প্রক্রিয়ার বরাত দিয়েছিল এসএসসি। উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষা ও শারীরশিক্ষার নিয়োগে কার কার নম্বর বদলাতে হবে সেই তালিকাও পৌঁছেছিল নীলাদ্রির কাছে। নীলাদ্রিকে তালিকা ই-মেইল করেছিলেন শান্তিপ্রসাদ সিনহা। সেই ইমেল ইতিমধ্যে উদ্ধার করেছেন গোয়েন্দারা।

নিয়োগ দুর্নীতির তদন্তে ই-মেইল-এর তথ্য সংগ্রহ করে সম্প্রতি একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে সিবিআই। সেই ই-মেইলের সূত্র ধরেই গোয়েন্দারা জানতে পেরেছেন শুধুমাত্র নাইসার ২ কর্তা নন, কার কার নম্বর বদলাতে হবে সেই তালিকা সংস্থার এক কর্মীর কাছেও পাঠিয়েছিলেন শান্তিপ্রসাদ সিনহা। ২০১৬ সালের এসএসসির নিয়োগ প্রক্রিয়া হাইকোর্ট বাতিল করে দিলেও সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। তবে উচ্চ প্রাথমিকের নিয়োগে যে দুর্নীতির আশঙ্কা গোয়েন্দারা করছেন তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন তাঁরা।