পুবের কলম প্রতিবেদক, ইসলামপুর: উত্তরবঙ্গের অন্যতম শিল্প বাগিচা শিল্প চা-বাগান। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলায় ছোট ও বড় মিলিয়ে অসংখ্য চা-বাগান রয়েছে। এবার ছোট ছোট চা-বাগানগুলোকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার বিষয়ে উদ্যোগী হয়েছে রাজ্য পর্যটন দফতর। এই বিষয়ে পর্যটন দফতরের কাছে প্রস্তাব পাঠিয়েছে ক্ষুদ্র চা-চাষিদের সংগঠন কনফেডারেশন অফ ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন্স (সিস্টা)।
আরও পড়ুন:
সিস্টা’র সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী বলেন, ‘ছোট চাষীরা হোম-স্টেতে পর্যটকদের রাখার ব্যবস্থা নিয়ে আসতে পারে, যা তাদের আয় বাড়াতে সাহায্য করবে এবং একই সঙ্গে পর্যটকদের জন্য আরও জায়গা তৈরি করবে। জনপ্রিয় পর্যটন স্পটগুলোর কাছাকাছি অনেক চা-বাগান রয়েছে। যদি চাষিদের হোমস্টে নির্মাণের অনুমতি দেওয়া হয়, তবে এই ব্যবস্থায় সেই সাইটগুলির সংখ্যা বাড়বে। তেমনি নতুন করে কর্মসংস্থানের সুযোগ ঘটবে।
’ তিনি আরও বলেন, পর্যটনের সঙ্গে চাষিদের যুক্ত করা হলে তা উত্তরবঙ্গের চা-উৎপাদনকারী জেলাগুলির গ্রামীণ অঞ্চলের অর্থনীতিকে উৎসাহিত করবে।’আরও পড়ুন:
সংগঠন সূত্রের খবর, উত্তরবঙ্গে প্রায় ৫০,০০০টি ছোট চা-বাগান রয়েছে। এই অঞ্চলে উৎপাদিত মোট চায়ের প্রায় ৬২ শতাংশ এই ক্ষুদ্র চাষিরা উৎপাদন করে। সব মিলিয়ে ১৫ লক্ষ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই খাতের সঙ্গে যুক্ত। এইসব ছোট ছোট চা বাগানকে কেন্দ্র করে হোমস্টে গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়িত হলে চা শিল্প ছাড়াও চা বাগানকে ঘিরে কর্মসংস্থানের ক্ষেত্র বা পরিধি বাড়বে। উত্তরবঙ্গের পর্যটনে গতি আসবে।