পুবের কলম, ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত খসড়া প্রকাশের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ২৮ ফেব্রুয়ারি রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্বাচন কমিশন (ECI) এই সংশোধিত সময়সূচি ঘোষণা করেছে।
মঙ্গলবার নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়ালকে একটি চিঠি পাঠিয়ে এই নতুন সময়সূচির কথা জানায়। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোটার তালিকায় নাম তোলা, বাদ দেওয়া বা সংশোধনের জন্য আসা নোটিশের শুনানি চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর ২১ ফেব্রুয়ারির মধ্যে সমস্ত নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার কাজ সম্পন্ন করতে হবে।
উল্লেখ্য, সোমবারই সুপ্রিম কোর্ট ভোটার তালিকা বিশেষ পুনর্বিবেচনা প্রক্রিয়ার নথি যাচাইয়ের কাজ শেষ করার জন্য নির্বাচন কমিশনকে ১৪ ফেব্রুয়ারির পূর্বনির্ধারিত সময়সীমার পর অতিরিক্ত আরও সাত দিন সময় দেওয়ার নির্দেশ দিয়েছিল।




































