নাজির হোসেন লস্কর: পঞ্চায়েত ভোটের আগে গ্রামীণ এলাকায় নতুন রাস্তা নির্মাণ এবং মেরামতের জন্য শুরু হয়ে গেল পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্প। সিঙ্গুর থেকে মঙ্গলবার এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বাংলার ২২টি জেলার সমস্ত ব্লক, পঞ্চায়েতের নতুন রাস্তা ও পুরনো রাস্তার উন্নতিসাধন মিলিয়ে মোট ১২ হাজার কিমি গ্রামীণ রাস্তার শিলান্যাস ও উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের মাধ্যমে দক্ষিণ ২৪ পরগনা জেলার ৫টি মহকুমার অন্তর্গত ২৯টি ব্লকে ২১৫০টি নতুন রাস্তা নির্মাণ ও পুরনো রাস্তার উন্নতিকরণ করা হল। মোট দৈর্ঘ্য ১৬৬৭ কিমির রাস্তার জন্য ৫৯৭ কোটি টাকা ব্যয় হবে।
আরও পড়ুন:
দক্ষিণ ২৪ পরগনায় জেলাস্তরের মূল অনুষ্ঠানটি হয় ডায়মন্ড হারবার মহকুমার ফলতায়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক সুমিত গুপ্ত, সভাধিপতি শামিমা সেখ, মহকুমাশাসক অঞ্জন ঘোষ, ফলতা পঞ্চায়েত সমিতি সভাপতি জাহাঙ্গীর খান প্রমুখ বিশিষ্টজনেরা। জেলার মধ্যে সবথেকে বেশি ৩১৮টি গ্রামীণ রাস্তার কাজ শুরু হল বিষ্ণুপুর ২ ব্লকে। মগরাহাট ২ ব্লকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নমিতা সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপকুমার হালদার, সহসভাপতি সেলিম লস্কর, বিডিও সেখ আবদুল্লা, ওসি আবদুস সামাদ আনসারি প্রমুখ। এই ব্লকে ২৭টি রাস্তার কাজ শুরু হল।