পুবের কলম ওয়েবডেস্কঃ টলিপাড়ায় নেমে এল গভীর শোকের ছায়া। শুটিং করতে গিয়ে প্রয়াত হলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর। রবিবার তালসারিতে একটি ধারাবাহিকের শুটিং চলাকালীন দুর্ঘটনার কবলে পড়েন অভিনেতা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, জলে নেমে তলিয়ে যাওয়ার ঘটনাতেই তাঁর মৃত্যু হয়েছে। 

সূত্রের খবর, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের কাজের জন্য দল নিয়ে তালসারিতে গিয়েছিলেন রাহুল।

শুটিং শেষের পর তিনি জলে নামেন বলে জানা যায়। কিছুক্ষণ পরে দেখা যায়, তিনি আর ভেসে উঠছেন না। গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে উপস্থিত কর্মীরা উদ্ধার করতে ছুটে যান। অনেকটা সময় জলের নিচে থাকার পর তাঁকে তুলে আনা হয়। গুরুতর অবস্থায় তাঁকে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সেখানেই ময়নাতদন্ত হওয়ার কথা।
ধারাবাহিকে তাঁর সহ-অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পুরো ইউনিটই তালসারিতে কাজ করছিল। তাঁর কথায়, ঘটনার পর সবাই হতবাক। শুটিংয়ের কাজ মিটে যাওয়ার পরেই এই দুর্ঘটনা ঘটে বলে তিনি জানান। কীভাবে এমন ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয় বলেও উল্লেখ করেছেন তিনি।

আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে অভিনেতা দিগন্ত বাগচী জানান, শুটিং শেষ হওয়ার পর রাহুল জলে নামেন। হঠাৎ করেই টেকনিশিয়ানদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

তাঁরা চিৎকার করে জানান, রাহুল ডুবে যাচ্ছেন। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।উল্লেখ্য, ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির মাধ্যমে বড়পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন রাহুল। সেখানে তাঁর সহ-অভিনেত্রী ছিলেন প্রিয়ঙ্কা সরকার। পরবর্তীতে তাঁদের ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে এবং বিয়ে হয়। তাঁদের এক পুত্রসন্তান রয়েছে। সাম্প্রতিক সময়েও তিনি একাধিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন, যার মধ্যে ‘অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ এবং ‘ঠাকুমার ঝুলি’ উল্লেখযোগ্য।