পুবের কলম ওয়েবডেস্কঃ আজ শুক্রবার ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি। গেরুয়া শিবিরের সংকল্পপত্রে জোর দেওয়া হয়েছে ভাতার ওপর। যার মধ্যে তৃণমূলের লক্ষ্মীভান্ডার এবং যুবসাথীর অনুকরণে মহিলা ও যুবকদের জন্য ভাতার কথা বলা হয়েছে বিজেপির সংকল্পপত্রে। এনিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। গেরুয়া শিবিরের এই সংকল্পপত্রকে তৃণমূলের থেকে "কপি" করা হয়েছে বলে তোপ দেগেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ।

 

এদিন বিজেপির ইস্তেহার প্রকাশ হওয়ার প কুণাল ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আজ যা ভাবেন, তা গোটা ভারত, বিজেপি আগামিকাল, আগামী পরশু, পরের মাসে, পরের বছর এমনকি ৫ বছর পরে ভাবে।" তাঁর দাবি, বিজেপি এর আগে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে অনেক কটাক্ষ করেছে। বলেছে, ভিক্ষা দিয়ে মা বোনেদের অপমান করা হচ্ছে। এখন তারাই সেই ভাতার কথা বলছে। কুণাল বলেন, "মমতা যখন মহিলাদের জন্য নানা প্রকল্প চালু করেছেন, তখন কুৎসা করেছে।

পরবর্তীকালে দেখা যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যে সেগুলি চালু করেছে। আবার এখন নিজেরাই নিজেদের প্রতিশ্রুতিতে সেগুলো অন্তর্ভুক্ত করেছে। মানুষ এসব কপি ক্যাট, জেরক্স কপি নেবেন কেন?" তাঁর মতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের প্রকৃত উন্নয়ন করেছেন।  

বেকার যুবকদের ভাতা নিয়ে কটাক্ষ করতে গিয়ে কুণাল বলেন, যুবসাথী নিয়ে বিজেপি অনেক কথা বলেছে।

এখন মমতার উন্নয়নকে নকল করছে। এদের লজ্জা নেই। মানুষের তাদের গ্রহন করবে না। উল্লেখ্য, গত বিধানসভা বা লোকসভা নির্বাচনে বিজেপি ভালো ফল করতে পারেনি। ফলে তাদের কাছে এবার লড়াইটা মরণ বাঁচনের। তবে সংকল্প প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবি, বিজেপিই এবার বাংলায় খমতা দখল করবে।