তেল আবিব, ১৭ নভেম্বর: আল-শিফা হাসাপাতালে তাণ্ডব চালানোর পর এবার গাজার আল-আহলি আরব হাসপাতালকে টার্গেট করল ইসরাইল। ইসরাইলের দাবি, আল-আহলি হাসপাতালকে অবরুদ্ধ করে রেখেছে সেনারা। হাসপাতালের চারপাশ ট্যাঙ্ক দিয়ে ঘিরে রাখা হয়েছে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট এই তথ্য জানিয়েছে।
ফেসবুকে সংস্থাটি জানায়, আল-আহলিতে ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইলের সেনাবাহিনী। আল-শিফা হাসাপাতালের মতো এবার আল-আহলিতেও হামাসের ঘাঁটি থাকার ‘মিথ্যা দাবি’ করতে পারে তেল আবিব।আরও পড়ুন:
জানা গিয়েছে, আল-আহলি হাসপাতালে ইসরাইলি অবরোধের কারণে চিকিৎসা পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। আহতদের উদ্ধার করে আনা হলেও সেখানে ওষুধ ও জ্বালানির অভাবে থমকে চিকিৎসা।
গত মাসেও আল-আহলি হাসপাতালে হামলা চালানো হয়েছিল। ওই ঘটনায় অন্তত ৫০০ লোক নিহত হন। প্রসঙ্গত, বুধবার গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফা দখল করে নেয় ইসরাইলি সেনারা। হাসপাতালে ইসরাইলি বন্দিদের রাখা হয়েছে বলে দাবি করেছিল তারা। তবে এর প্রমাণ মেলেনি।আরও পড়ুন:
এদিকে, অধিকৃত পশ্চিম তীরের জেনিনের ইবনে সিনা নামে একটি হাসপাতাল খালি করার নির্দেশ দিয়েছে ইসরাইল। বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, ইসরাইলি বাহিনী হাসপাতালটিকে চারদিক থেকে ঘিরে ফেলে, তল্লাশি চালায় ও লাউডস্পিকারের মাধ্যমে এলাকা খালি করার নির্দেশ দেয়। এছাড়া সেখানকার দুই চিকিৎসককেও আটক করেছে ইহুদি সেনারা।
আরও পড়ুন:
অন্যদিকে জেনিনে ইসরাইলি ড্রোন হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর আগে রাতের আঁধারে ইসরাইলি বাহিনী জেনিন শহর ও জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে কমপক্ষে ৭জনকে গ্রেফতার করে ও এলাকার বহু রাস্তা ভেঙে দেয়। প্রায় ৮০টি ইসরাইলি সামরিক যান জেনিন শহরে প্রবেশ করে তাণ্ডব চালাচ্ছে বলে খবর।