পুবের কলম ওয়েবডেস্কঃ মনোনয়ন জমা দিতে পারবেন কি না তাই নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। অবশেষে সেই বাধা কাটিয়ে মনোনয়ন জমা দিলেন রাজগঞ্জের তৃণমূলের তারকা প্রার্থী স্বপ্না বর্মণ। সোমবার সকালে তিনি বাড়ির মন্দির, বোদাগঞ্জে ভামরী দেবীর আশীর্বাদ নেন। পরে মনোনয়ন জমা দেন এশিয়াডে সোনা জয়ী অ্যাথলিট স্বপ্না। 

নিজের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী স্বপ্না মনোনয়ন জমা দিয়ে বলেন, রাজগঞ্জের মানুষ তাঁকে ভালোবাসেন। তিনি ইতিমিধ্যেই ভোটপ্রচার করেছেন।

মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন। তিনি বলেন, তিনি খেলাডধুলার সঙ্গে যুক্ত ছিলেন, অনেক ত্যাগ স্বীকার করার পর অবশেষে মনোনয়ন জমা দিতে পেরেছেন। প্রসঙ্গত, উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুর ডিভিশনে কর্মরত ছিলেন স্বপ্না। এরপর রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন। মাসখানেক আগে তৃণমূলে যোগও দেন। কিন্তু, রেলে চাকরি বাধা হয়ে দাঁড়ানোয় তিনি কর্মক্ষেত্র থেকে কয়েকদিনের ছুটি নিয়েছিলেন।
তৃণমূল তাঁকে প্রার্থী করে। যদিও এই কেন্দ্রের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়কে এবার টিকিট দেয়নি দল। তাঁর পরিবরতে টিকিট পান স্বপ্না। তানিয়ে বেজায় ক্ষোভ প্রকাশ করেন বিদায়ী বিধায়ক। এদিকে, স্বপ্নাকে প্রার্থী করলেও তাঁর মনোনয়নের পথে বাধা হয়ে দাঁড়ায় রেলের চাকরি। রেলের অভিযোগ, ছুটিতে থাকাকালীন স্বপ্না সক্রিয় রাজনীতিতে জড়িয়েছিলেন।
কিন্তু, নিয়ম অনুযায়ী, সরকারি চাকরি করলে কেউ ভোটে লড়তে পারেন না। সেটা  আইনত দণ্ডনীয় অপরাধ। ফলে আইনি জটিলতা বাড়ে। স্বপ্নার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে। এদিকে, এরপর ইস্তফা দেন স্বপ্না। তবে তিনি ইস্তফা দিলেও এনওসি নিয়ে টানাপোড়েন তৈরি হয়। তবে শেষ পর্যন্ত রবিবার সন্ধ্যার দিকে নির্বাচন কমিশন জানিয়ে দেয় স্বপ্নাকে ‘নো ডিউস সার্টিফিকেট’ দেওয়া হয়েছে। আর তারপরেই মনোনয়ন জমা নিয়ে জটিলতা কাটে।