ইনামুল হক, বারাসতঃ ঐতিহ্যবাহী সূচিশিল্পকে বাঁচিয়ে রাখতে এবং এই শিল্পের সঙ্গে যুক্ত গ্রামীণ সূচি শিল্পীদের উৎসাহিত করতে এবার এগিয়ে এল ভারত সরকারের বস্ত্র মন্ত্রকের ডেভলপমেন্ট কমিশনার (হ্যান্ডিক্রাফটস)। এর  হ্যান্ডিক্রাফট সার্ভিস সেন্টার,  কলকাতার উদ্যোগে সূচি শিল্পীদের পরিচয় পত্র প্রদান ও সরকারি সহায়তা বিষয়ক সচেতনতা সভা হয়   উত্তর ২৪ পরগনার ছোট জাগুলিয়া বড়া গ্রামে। জেলার প্রখ্যাত সূচিশিল্পী ও মল্লিক আর্ট গ্যালারির কর্ণধার জোহর আলী মল্লিকের ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানটি আয়োজন করা হয় স্থানীয় শিল্পীদের নিয়ে।

মল্লিক আর্ট গ্যালারি প্রাঙ্গণে এই অনুষ্ঠানে একদিকে যেমন তাদের শিল্পী হিসেবে সরকারি পরিচয় পত্র দেওয়ার জন্য আবেদনপত্র গ্রহণ করা হয় পাশাপাশি তাদের সমস্যা ও সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা হয়। আলোচনা করেন ডেভলপমেন্ট কমিশনার (হ্যান্ডিক্রাফটস)-এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর লীলা ভৌমিক,  এস ডব্লিউ হ্যান্ডিক্রাফটস সার্ভিস সেন্টারের জান্নাতুল ইসলাম,  অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্নেহাংশু শেখর দাস,  শান্তিনিকেতনের  শিল্প অধ্যাপক আবেশ বিভোর মিত্র প্রমুখ।

উপস্থিত ছিলেন ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান নুরুল হক, স্থানীয় পঞ্চায়েত সদস্য আরিফুল ইসলাম প্রমুখ। শিল্পীদের স্কিল ডেভেলপমেন্ট, বিপণন ব্যবস্থা এবং আর্থিক ও পরিকাঠামোগত সহায়তা, প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা প্রকল্প সহ বিভিন্ন সুবিধার বিষয়ে আলোচনা হয়। লীলা ভৌমিক জানান,  গ্রামীণ ভারতের ৬৮.৮৬ লক্ষ হস্ত শিল্পীদের জন্য এইসব সুবিধা প্রদনের ব্যবস্থা রয়েছে। আর ডেভেলপমেন্ট কমিশনার( হ্যান্ডিক্রাফটস)  অফিস থেকে পরিচয়পত্রধারী এইসব হস্তশিল্পীদের বিভিন্ন সরকারি সুবিধা দেওয়া হয়ে থাকে। এদিন উত্তর ২৪ পরগনা জেলার আবেদনকারী ৫০ জন সূচি শিল্পীকে তেল, বিস্কুট,  সোয়াবিন ইত্যাদি খাদ্যদ্রব্যের একটি কিট তুলে দেওয়া হয়।