পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্য বিধানসভায় এবার উঠল এক জোরাল দাবি। বিহারের মতো বাংলাতেও সম্পূর্ণভাবে মদ নিষিদ্ধ করার পক্ষে সওয়াল করলেন ভাতারের বিজেপি বিধায়ক সৌমেন কার্ফা। বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনে দাঁড়িয়ে তিনি কেবল মদ নয়, পাশাপাশি রাজ্যে লটারি ব্যবসাও পুরোপুরি বন্ধ করার আর্জি জানিয়েছেন। সমাজের অবক্ষয় রুখে যুবসমাজের সুস্থ ভবিষ্যতের স্বার্থে খেলাধুলোর পরিকাঠামো উন্নয়নের ওপর সর্বাধিক জোর দেওয়ার কথা বলেছেন তিনি।
আরও পড়ুন:
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই সমাজের সার্বিক পরিবেশ ফেরাতে বিশেষ উদ্যোগী হতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। যত্রতত্র ব্যাঙের ছাতার মতো মদের দোকান খোলার ক্ষেত্রে তিনি প্রথম থেকেই চরম কড়াকড়ির বার্তা দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর সেই দৃষ্টিভঙ্গিকে মান্যতা দিয়েই রাজ্য সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে মদের দোকানের লাইসেন্স সংক্রান্ত কঠোর নিয়মনীতির কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নতুন সেই নীতি অনুযায়ী, রাজ্যের কোনও শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল কিংবা ধর্মীয় স্থানের এক কিলোমিটারের মধ্যে নতুন করে কোনও মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে না।
কলকাতা পুরসভা এলাকার ক্ষেত্রে এই দূরত্বের ন্যূনতম সীমা নির্ধারণ করা হয়েছে ৫০০ মিটার।আরও পড়ুন:
দীর্ঘদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে নিয়মকানুনের তোয়াক্কা না করে গজিয়ে ওঠা মদের দোকানগুলি নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল। মদের দোকানের সামনে সুরাপ্রেমীদের দীর্ঘ লাইন যেমন যানজট সৃষ্টি করছিল, তেমনই বিঘ্নিত হচ্ছিল স্থানীয় আইনশৃঙ্খলা। এমনকি মন্দির বা স্কুলের গায়ে মদের দোকান এবং বেআইনিভাবে লাইসেন্সবিহীন কারবার চালানোর মতো গুরুতর অভিযোগও বারেবারে সামনে এসেছে। এই সমস্ত জনরোষ রুখতেই কঠোর পদক্ষেপ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে, এই সরকার সম্পূর্ণ অন্য পথে, নিয়মের কড়াকড়িতে চলবে।