পুবের কলম, ওয়েবডেস্ক: পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানের বাসভবনের ঢিল ছোড়া দূরত্বে তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার পঞ্জাবের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের রাজিন্দর পার্ক থেকে এই বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। হেলিপ্যাড থেকে মাত্র ৫০০ মিটার দূরেই খোঁজ মেলে বোমাটির। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বম্ব স্কোয়াড। ঘটনাস্থলে যায় সেনা।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, সোমবার দুপুরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের বাসভবনের কাছে একটি সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখে নিরাপত্তারক্ষীদের সন্দেহ হয়। বস্তুটি একটি বিস্ফোরক ডিভাইস বলেই প্রাথমিকভাবে পুলিশের অনুমান। নিরাপত্তাবাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে।
আরও পড়ুন:
এই এলাকায় শুধু যে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর বাড়ি আছে তা নয়, বাসভবনের খুব কাছেই রয়েছে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের বাড়ি। পঞ্জাব এবং হরিয়ানার সচিবালয় এবং বিধানসভাও ঘটনাস্থলের কাছেই অবস্থিত। তাই এই ধরনের উচ্চ নিরাপত্তা বলয়ে পরিবেষ্টিত এলাকায় কিভাবে এই ধরনের ঘটনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।