সংবাদ সংস্থা– মালদা­ মিউজিক সিস্টেমের মধ্যে ব্রাউন সুগার এবং লুকিয়ে জালনোট পাচার করার সময় হাতেনাতে ইংরেজ বাজার থানার পুলিশের কাছে ধরা পড়ল তিন পাচারকারী। ধৃতেরা হল নিজাম শেখ– ইব্রাহিম শেখ এবং কুমার প্রসাদ। বাড়ি যথাক্রমে কালিয়াচকের মোজামপুর এবং বিহার এলাকায়। উদ্ধার হয় ৩৫১ গ্রাম ব্রাউন সুগার– এক লক্ষ টাকার জালনোট– নগদ এক লক্ষ বারো হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন।

মঙ্গলবার রাতে সুস্থানী মোড় সংলগ্ন কাটাগর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের কাছ থেকেই মাদক– জালনোট সহ তিন পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হওয়া ৩৫১ গ্রাম ব্রাউন সুগারের বর্তমান বাজার মূল্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা।

জানা গেছে– কাটাগড় এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে নাকা চেকিংয়ের সময় ওই চার চাকার গাড়িটিকে সন্দেহজনক অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ। গাড়িতে তল্লাশি চালাতে গিয়ে মিউজিক সিস্টেমের মধ্যেই নগদ– জাল নোট– ব্রাউন সুগার এবং মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।

উদ্ধার হওয়া জালনোটগুলি সবই ৫০০ টাকার। বুধবার দুপুরে এক সাংবাদিক বৈঠকে মালদার ডিএসপি প্রশান্ত দেবনাথ জানান– ধৃতেরা ব্রাউন সুগার এবং জালনোটগুলি বিহারে পাচার করার পরিকল্পনা নিয়েছিল। চার চাকার গাড়িটিকে আটক করে পুলিশ। বুধবার ধৃতদের আদালতে তোলা হলে তাদেরকে নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ।