পুবের কলম ওয়েবডেস্কঃ দেশে প্রথমবারের জন্য আয়োজিত হচ্ছে ‘খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস।’ ক’দিন আগেই প্রতিযোগিতায় ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলা। সোমবার ফের বাংলার ঘরে এল সোনার পদক। মহিলাদের ১০ হাজার মিটার দৌড়ে সোনা জিতলেন শিলিগুড়ির নকশালবাড়ির মৌরিজোত গ্রামের মেয়ে সঞ্জিতা ওরাঁও।
দৌড় শেষ করতে তিনি সময় নেন ৪৪ মিনিট ২১.৮ সেকেন্ড।আরও পড়ুন:
সোনা জয়ের পরে সঞ্জিতাকে শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে থাকার বার্তাও দিয়েছেন। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘নকশালবাড়ির আদিবাসী চা-শ্রমিক পরিবারের মেয়ে সঞ্জিতা ওরাঁওকে জাতীয় স্তরের প্রতিযোগিতায় দশ হাজার মিটার দৌড়ে সোনার পদক জয়ের জন্য জানাই আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা।
সঞ্জিতার এই সাফল্য আমাদের সবার মুখ উজ্জ্বল করেছে। প্রতিকুলতা যে প্রতিভাকে থামিয়ে রাখতে পারে না, সঞ্জিতা সেটা ফের প্রমাণ করল। সঞ্জিতার আগামী দিনগুলি আরও উজ্জ্বল হোক, এই কামনা করি। যে কোনও প্রয়োজনে আমি ওর এবং ওর পরিবারের পাশে থাকব।’