পুবের কলম প্রতিবেদক: রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সামগ্রিক মানোন্নয়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সরকারি নার্সিং পরিষেবায় নতুন দিগন্তের সূচনা হল। নার্সিংয়ে এই নতুন দিগন্ত হিসাবে একদিকে যেমন সৃষ্টি করা হল চিকিৎসা সহায়ক জয়েন্ট নার্সিং সুপারের পদ। তেমনই অন্যদিকে প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার আরও উন্নতির লক্ষ্যে নার্সিং ক্যাডারে সৃষ্টি করা হল আরও অনেক নতুন পদ।
আরও পড়ুন:
রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, সরকারি স্বাস্থ্য ব্যবস্থার সামগ্রিক মানোন্নয়নের লক্ষ্যে নার্সিংয়ের পরিষেবায় নতুন দিগন্তের সূচনা হল। জীবনভর চিকিৎসকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পরিষেবা দিয়ে দক্ষতা অর্জন করেছেন অভিজ্ঞ যে সব নার্সিং স্টাফ, তাঁদের যোগ্যতার সম্মান এবং তাঁদের জীবনে নতুন আলোর সন্ধানে চিকিৎসা সহায়ক জয়েন্ট নার্সিং সুপারের ৩২৪টি পদ সৃষ্টি করা হল। এর পাশাপাশি, রাজ্যের প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার আরও উন্নতির লক্ষ্যে নার্সিং ক্যাডারে ৩৮৬টি নতুন পদ সৃষ্টি করা হল বলেও স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন:
যদিও, শুধুমাত্র নার্সিংয়ের পেশায় নতুন পদ সৃষ্টি করার বিষয়টি নয়। রাজ্যে নার্স নিয়োগের প্রক্রিয়াও জারি রয়েছে। স্বাস্থ্য দফতরের তরফে সম্প্রতি জানানো হয়েছে, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এ রাজ্যে ৬ হাজার ১১৪ জন নার্সকে নিয়োগ করা হবে। বিভিন্ন হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রের জন্য গ্রেড টু ক্যাটেগরির এই সব নার্সকে নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হবে আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে। এই নার্স নিয়োগের পাশাপাশি নার্সিং শিক্ষার জন্য আরও কেন্দ্র চালু করার পরিকল্পনাও রয়েছে স্বাস্থ্য দফতরের।
আরও পড়ুন:
এদিকে, নার্সিংয়ে নতুন পদ সৃষ্টির বিষয়টি নিয়ে নার্সদের একটি সংগঠন নার্সেস ইউনিটি-র সম্পাদিকা ভাস্বতী মুখোপাধ্যায় জানান, চিকিৎসা সহায়ক জয়েন্ট নার্সিং সুপার কীসের ভিত্তিতে নির্ধারণ করা হবে, কারা এই সুযোগ পাবেন, এ সব স্পষ্ট করা হবে বলে তাঁরা মনে করেন।
তিনি জানান, যারা দক্ষ, তাঁদেরকে সম্মান জানানোর প্রক্রিয়া নার্সিং পেশায় ইতিমধ্যেই আছে। ১০ বছর একই পোস্টে থাকলে একটা প্রোমোশন হওয়ার কথা। উচ্চশিক্ষা থাকলে একটা প্রোমোশন হওয়ার কথা। কিন্তু ১০ বছর পর যার প্রোমোশন হওয়ার কথা, ৩০ বছরেও হচ্ছে না। হায়ার এডুকেশনে যে প্রোমোশন হওয়ার কথা, সেই প্রোমোশন অনেক দেরি করে হচ্ছে। এ সব বিষয়ে নজর দেওয়া হবে বলে তাঁরা আশা রাখেন।আরও পড়ুন:
মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সামগ্রিক মানোন্নয়নের লক্ষ্যে সরকারি নার্সিং পরিষেবায় নতুন পদ সৃষ্টি করা হল বলে জানানো হয়েছে। নার্সেস ইউনিটি-র সম্পাদিকা জানিয়েছেন, পরিষেবার মান আরও উন্নত হতে পারে যদি রোগীদের অনুপাতে নার্সদের সংখ্যা আরও বাড়ানো হয়। এখন কোথাও কোথাও একজন অথবা দুই জন নার্স পিছু দেখা যায় ৭০-৮০ জন রোগী রয়েছেন। স্বাস্থ্য দফতরের তরফে অবশ্য জানা গিয়েছে, আগামী দিনে আরও অনেক নার্সকে নিয়োগ করা হবে। নার্সিংয়ে নতুন পদ সৃষ্টির বিষয়টি নিয়ে সরকারি চিকিৎসকদের একটি সংগঠন সার্ভিস ডক্টরস ফোরাম-এর সাধারণ সম্পাদক, ডাক্তার সজল বিশ্বাস জানিয়েছেন, নার্সিং স্বতন্ত্র একটি পেশা। চিকিৎসকের কাজ কোনওভাবেই অন্য কাউকে দিয়ে করানো যায় না। আর, চিকিৎসা সহায়ক হিসাবে তো নার্সরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছেন।