পুবের কলম, ওয়েব ডেস্কঃ আদ্যন্ত প্যাশন, 'পারফেকশনিজম' আর দায়বদ্ধতার আরেক নাম আমির খান। তাঁর হাত ধরেই মহাভারতের মহাকাব্যিক রূপান্তর হতে চলেছে বড় পর্দায়।  সম্প্রতি বহুল প্রচারিত সর্বভারতীয় ইংরেজি দৈনিকের এক সাক্ষাৎকারে, সিনেমা থেকে ব্যক্তিগত জীবন-সব কিছু নিয়েই মুখ খুলেছেন আমির। প্রসঙ্গক্রমে তিনি তাঁর আগামী প্রকল্প 'মহাভারত' প্রসঙ্গে জানান, আগষ্ট মাস থেকেই এই চলচ্চিত্রের কাজ শুরু করতে চলেছেন তিনি। আর বিষয়ে তিনি কোনও আপোস করবেন না, তাও জানান।

একদিকে নতুন ছবির সাফল্য, অন্যদিকে নতুন স্বপ্নের পথে যাত্রা। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘সিতারে জমিন পর’ দর্শকমনে দাগ কেটেছে গভীরভাবে।

তবে আমিরের এবারের এই সিনেমা তাঁর একার নয়, একাধিক পর্বে এই সিনেমা নির্মিত হবে বলেই তিনি জানিয়েছেন। তিনি বলেন, এটি হবে ধারাবাহিক চলচ্চিত্র। পরপর হবে। কারণ কেবল একটি সিনেমায় মহাভারত বর্ণনা করতে পারা  যাবে না। মহাভারত আমার রক্তে মিশে গেছে, এই গল্প আমি না বলতে পারলে হবে না। তবে কোনও পরিচিত মুখ নয়। আমার কাছে চরিত্ররাই আসল তারকা।
নতুন মুখ, নতুন প্রতিভা-তাঁদের দিয়েই এই মহাকাব্য ফুটিয়ে তুলব।” এই ছবিতে তাঁর নিজের জন্যও কোনও চরিত্র রাখছেন না আমির। অর্থাৎ, কৃষ্ণ বা অর্জুন রূপে তাঁকে দেখা যাবে না। সম্পূর্ণ ভিন্ন ধরনের কাস্টিং নিয়ে আসতে চলেছেন তিনি।

তবে তাঁর শেষ ছবি ‘লাল সিং চাড্ডা’ নিয়ে যদিও মিশ্র প্রতিক্রিয়া ছিল, তবুও আমির জানালেন, “আমি ছবিটা নিয়ে গর্বিত। হয়তো সবার সঙ্গে কানেক্ট করতে পারেনি, কিন্তু একটা নির্দিষ্ট কিছু দর্শক আজও আমার ছবিটাকে ভালোবাসে। তারপরে অনেকেই আমায় বলেছিলেন, আমি যেন এমন ছবি না বানাই, কিন্তু আমি তো মন দিয়ে কাজ করি।

আমার ছবিরগুলো বরাবরই আলাদা ছিল—‘লগান’, ‘রং দে বসন্তি’, ‘তারে জ়মিন পর’—সব কিছু নিয়েই আমাকে নিরুৎসাহিত করা হয়েছিল। কিন্তু গল্পটা যখন মনে বাসা বাঁধে, তখন আর কিছু ভাবি না।”

এই অন্তরের টানই তাঁকে নিয়ে এল স্প্যানিশ ছবির অ্যাডাপটেশন ‘সিতারে জ়মিন পর’-এর দিকে, যা এখন দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। ছবির পর ছবি নয়, এবার নিজেকে পুরোপুরি উজাড় করে ‘মহাভারত’-এর বিশাল ক্যানভাসে হাজির হচ্ছেন আমির খান। সঙ্গী হয়ে পাশে রয়েছেন গৌরী। সিনেমার স্ক্রিপ্টের মতোই জীবনটাও যেন এক অপূর্ব গল্প। দর্শকরা, অপেক্ষায় থাকবে-এই গল্পের পরবর্তী অধ্যায় দেখার জন্য।