পুবের কলম ওয়েব ডেস্কঃ প্রথম দফার ভোটপর্ব মিটতেই আবারও কলকাতার রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৪ এপ্রিল তিনি যাদবপুর থেকে গড়িয়াহাট পর্যন্ত পদযাত্রা করবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় বিপুল সংখ্যক মানুষের নাম বাদ পড়ার অভিযোগের প্রতিবাদ এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন, এই দুই লক্ষ্য নিয়েই এই কর্মসূচি নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
দলীয় সূত্রের খবর, ওই দিন যাদবপুরের সুলেখা মোড় থেকে শুরু হবে পদযাত্রা। সেখান থেকে গড়িয়াহাট পর্যন্ত মিছিল এগোবে।
তবে শেষ পর্যায়ের স্থান পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। এই পদযাত্রায় তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি কলকাতার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের প্রার্থীরাও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, দ্বিতীয় দফার ভোটগ্রহণ নির্ধারিত রয়েছে আগামী ২৯ এপ্রিল। এদিকে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় এখনও পর্যন্ত প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে বলে দাবি উঠেছে। এর মধ্যে প্রায় সাতাশ লক্ষ নাম বিচারাধীন থাকা সত্ত্বেও তালিকা থেকে বাদ গিয়েছে বলে অভিযোগ। ফলে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তাঁদের ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। এই পরিস্থিতির মধ্যেই প্রতিবাদ জানাতে এবং বিষয়টি জনসমক্ষে তুলে ধরতে কলকাতার রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।আরও পড়ুন:
এর আগে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের পিংলা এবং পরে হাওড়ার জগৎবল্লভপুরে নির্বাচনী সভা থেকে বিজেপি ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইপ্যাকের কর্তা বিনেশ চাণ্ডেলের গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে তিনি আশঙ্কা প্রকাশ করেন, এর পর তৃণমূলের বুথ এজেন্টদেরও গ্রেপ্তার করা হতে পারে। তাঁর অভিযোগ, বিজেপির নির্দেশেই ভোটের আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে।