পুবের কলম ওয়েবডেস্কঃ ভোটের আগে ভোটার তালিকা ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। অন্যদিকে বিশেষ সংশোধন প্রক্রিয়ায় বাদ পড়েছে প্রায় ৯০ লক্ষেরও বেশি নাম। এই পরিস্থিতিতে বহু মানুষ ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছেন। সোমবার এই সংক্রান্ত মামলার শুনানিতে ভোটার তালিকা ফ্রিজ করার নির্ধারিত তারিখ নিয়ে কোনও নির্দেশ দিল না সর্বোচ্চ আদালত। আদালত জানিয়ে দিয়েছে, এই বিষয়ে সিদ্ধান্ত নেবে ট্রাইব্যুনালই।

সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট করে জানায়, এই বিষয়ে আদালত সরাসরি হস্তক্ষেপ করবে না। বেঞ্চের বক্তব্য, বিষয়টি ট্রাইব্যুনালের আওতাতেই পড়ে এবং সেখানেই এর নিষ্পত্তি হওয়া উচিত। আদালত আরও জানায়, কলকাতা উচ্চ আদালতের প্রধান বিচারপতির কাছ থেকে জানানো হয়েছে যে সোমবার থেকেই ট্রাইব্যুনাল পুরো মাত্রায় কাজ শুরু করছে। ফলে এই সংক্রান্ত সমস্ত বিষয় সেখানে জানাতে হবে নির্বাচন কমিশনকে।

এর আগে নির্বাচন কমিশন আদালতকে জানিয়েছিল, ৯ এপ্রিল ভোটার তালিকা স্থির করার দিন ধার্য করা হয়েছে এবং সেই অনুযায়ী তালিকা চূড়ান্ত করা হয়েছে।

কিন্তু সেই সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হন কিছু ভোটার। তাঁদের দাবি, তাঁদের কাছে আধার কার্ড ও পাসপোর্টের মতো বৈধ নথি থাকা সত্ত্বেও নাম বাদ পড়েছে তালিকা থেকে। সেই কারণে তাঁদের নাম ফের তালিকাভুক্ত করার আবেদন জানিয়ে গত শুক্রবার সর্বোচ্চ আদালতে নতুন মামলা দায়ের করা হয়েছিল। সোমবার সেই মামলার শুনানিতে সর্বোচ্চ আদালত স্পষ্ট করে জানিয়ে দেয়, এই বিষয়ে তারা কোনও নির্দেশ দেবে না। সংশ্লিষ্ট অভিযোগ ও আপত্তি নিয়ে ট্রাইব্যুনালেই শুনানি হবে এবং সেখানেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।