পুবের কলম ওয়েবডেস্ক: বিশ্বের অন্যতম কঠিন ও বিপদসংকুল জলপথ ইংলিশ চ্যানেল সফলভাবে অতিক্রম করলেন ক্যানিংয়ের তালদির বাসিন্দা রবিন বলদে। তার এই সাফল্যের চাবিকাঠি হল অদম্য জেদ, একাগ্রতা, ইচ্ছাশক্তি এবং শারীরিক ও মানসিক দৃঢ়তা। প্রায় ১১ ঘণ্টা ধরে হিমশীতল জল, বিশাল ঢেউ এবং কঠিন প্রকৃতি-পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করে শেষ পর্যন্ত ইতিহাসের পাতায় নিজের নাম তুললেন রবিন বলদে। ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যবর্তী এই জলপথটি সমগ্র বিশ্বের সাঁতারুদের জন্য এক বিশাল চ্যালেঞ্জ। সুন্দরবনের রবিন সেই চ্যালেঞ্জকে নিজের অধ্যবসায় এবং সাহসিকতা দিয়ে সফল করলেন। রবিন বলদে অতিক্রম করেন প্রায় ৩৪ কিলোমিটার দীর্ঘ এই জলপথ।
আরও পড়ুন:
বিশেষজ্ঞদের মতে, ইংলিশ চ্যানেল জয় করা শুধুমাত্র এক শারীরিক পরীক্ষাই নয়, এটি মানসিক দৃঢ়তা, ধৈর্য এবং আত্মবিশ্বাসের মেলবন্ধান। এই অসাধারণ সাফল্যের জন্য রবিন বলদেকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন ক্রীড়া সংগঠন। প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্বরা। রবিন বলদের এই সাফল্যের খুশি স্থানীয়রা।রবিনের এই অভিযান শুধু এক ব্যক্তিগত স্বপ্নপূরণ নয়! রবিন বলদে ইংলিশ চ্যানেল পার হওয়ার মধ্য দিয়ে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য রক্ষার বার্তাও সারা বিশ্বের কাছে তুলে ধরেছেন।
জলবায়ু পরিবর্তন ও প্রকৃতির সুরক্ষার বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার এই প্রয়াসে তিনি যুক্ত করেছেন একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও পরিবেশ গত দিক।আরও পড়ুন:

সুন্দরবনের যুবক আন্তর্জাতিকস্তরে ইতিহাস তৈরি করে জানিয়েছেন,“ ইংলিশ চ্যানেল জয়ের স্বপ্ন দীর্ঘ দিনের। বহুদিন ধরে প্রস্তুতি নিয়েছিলাম। অনেক পরিশ্রম ও ত্যাগের ফলস্বরূপ সাফল্য পেয়েছি। আমি শুধু নিজের জন্য নয়, বাংলার জন্য, দেশের জন্য লড়েছি।এই সাফল্য সমগ্র দেশবাসীকে উৎসর্গ করতে চাই।
কারণ মানুষের ভালোবাসা না থাকলে এমন সাফল্য কখনই সম্ভব নয়।”আরও পড়ুন:
অন্যদিকে তাঁর সাফল্যকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন বহু প্রতিভাপন্ন তরুণ ক্রীড়াপ্রেমীরা। সুন্দরবনের পিছিয়ে পড়া এলাকা থেকে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি হওয়া এখনও বিরল! সেখানে এমন অভাবনীয় সাফল্য জীবন্ত দৃষ্টান্ত। রবিন বলদের পরিবার, কোচ ও স্থানীয় ক্লাব সূত্রে জানা গিয়েছে, ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ের আরও বড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে রবিনের।প্রস্তুতি চলছে পরবর্তী অভিযানের জন্য। আর রবিন বলদের এই সাফল্য আজকে নিঃসন্দেহে বাংলা তথা ভারতবর্ষের ক্রীড়াজগতে এক নতুন ইতিহাস। তাঁর জয় যেন নতুন প্রজন্মের মধ্যে স্বপ্ন দেখার সাহস যোগায় এমনটাই মনে করছেন বিশিষ্টজনেরা ।